২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার চেয়েও কঠিন ‘প্রতিপক্ষ’ চোট

একের পর এক চোটে বিপর্যস্ত বাংলাদেশ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে আবার শ্রীলঙ্কার সামনে। খেলা শুরু হবে বেলা তিনটায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে শতক করেই আঙ্গুলে চোট পেয়ে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে তামিম ইকবাল। এবারের শ্রীলঙ্কা সফরে একের পর এক চোটে বিপর্যস্ত বাংলাদেশকে সোমবার আবার মাঠে নামতে হচ্ছে। হাম্বানটোটায় বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ হলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহিমের দলের।


প্রথম ওয়ানডে জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।


বিশ্বের অন্যতম সেরা অলরআউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা পেসার মাশরাফিন বিন মুর্তজা চোটের কারণে শ্রীলঙ্কায় যেতে পারেননি। হাঁটুতে চোট পেয়ে সফরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে আরেক পেসার নাজমুল হোসেনকে।


‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো যোগ হয়েছে তামিমের চোট। শনিবার প্রথম ওয়ানডেতে শতক করার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেননি এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান তিনি। হাড়ে সূক্ষ্ণ চিড়ও ধরা পড়ে।

এতগুলো চোটের জন্যই বাংলাদেশ দল এখন ভীষণ দুশ্চিন্তায়।


সোমবার তামিমের জায়গায় খেলতে পারেন জহুরুল ইসলাম অথবা মমিনুল হক।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। রাতে শিশিরের কারণে স্পিনারদের বল ‘গ্রিপ’ করতে বেশ সমস্যা হয়েছে। দুই পেসার রুবেল হোসেন আর আবুল হাসান তো বলের লাইন-লেন্থই খুঁজে পাননি বলা যায়।

দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দল তাই একদমই স্বস্তিতে নেই।