২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার প্রয়োজন নাজমুলের

হাঁটুতে চোট পেয়ে শ্রীলঙ্কা সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসা ডান হাতি পেসার নাজমুল হোসেনকে অস্ত্রোপচার করাতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলামের অনুপস্থিতির কারণে ওয়ানডে দলে ফিরেছিলেন নাজমুল। কিন্তু অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে তাকে।

বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার চিকিৎসক ডা. ডেভিড ইয়াংয়ের সঙ্গে নাজমুলের চোট নিয়ে আলোচনা করেছিলেন। ডা. ইয়াং শ্রীলঙ্কা সফরে নাজমুলকে না খেলানোর পরামর্শ দিয়েছেন। রোববার দেশে ফিরে নাজমুল বলেন, “এটা আমার জন্য ভীষণ হতাশাজনক ঘটনা। অনেক দিন পর দলে ফিরেও চোটের কারণে খেলার সুযোগ পেলাম না।” “হাঁটুর চোটটা বেশ গুরুতর। ফিজিও জানিয়েছেন, সেরে ওঠার জন্য অস্ত্রোপচার লাগবে। মাঠে ফেরা নির্ভর করছে কবে অস্ত্রোপচার করাব তার ওপরে,” যোগ করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহত নাজমুলের জায়গায় রোববার শ্রীলঙ্কায় পৌঁছেছেন আরেক ডান হাতি পেসার শাহাদাত হোসেন।