বোল্টে বিধ্বস্ত ইংল্যান্ড
ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির মারাত্মক বোলিংয়ে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অতিথিদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই স্বাগতিকরাও। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৫ রান করে ২৭৪ রানে এগিয়ে তারা।
রোববার ইডেন পার্কে ২ উইকেটে ৫০ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নিক কম্পটন ও ইয়ান বেল এবং জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দিয়ে বোল্ট অতিথিদের স্কোর পরিণত করেন ৭২/৫-এ।
ষষ্ঠ উইকেটে ম্যাট প্রায়রের (৭৩) সঙ্গে জো রুটের ১০১ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। দলীয় ১৭৩ রানে প্রায়রের বিদায়ের পর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস।
এক সময়ে ৬ উইকেটে ২০০ রানে পৌঁছালেও চার রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারানোয় ফলোঅল এড়াতে পারেনি অতিথিরা।
৬৮ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার বোল্ট। টেস্টে এই প্রথম ৫ উইকেট নিলেন তিনি। ৪৪ রানে ৩ উইকেট নেয়া সাউদির অবদানও কম নয়।
২৩৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে ৮ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে নিউজিল্যান্ড। হামিশ রাদারফোর্ড ও রস টেইলরকে ফেরান স্টুয়ার্ট ব্রড আর কেন উইলিয়ামসনকে বিদায় করেন জেমস অ্যান্ডারসন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ৪৪৩ (ফুলটন ১৩৬, উইলিয়ামসন ৯১; ফিন ৬/১২৫) ও দ্বিতীয় ইনিংস ৩৫/৩ (ফুলটন ১৪*, রাদারফোর্ড ০, উইলিয়ামসন ১, টেইলর ৩, ব্রাউনলি ১৩*; ব্রড ২/৭, অ্যান্ডারসন ১/১১)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৪ (কুক ৪, কম্পটন ১৩, ট্রট ২৭, বেল ১৭, রুট ৪৫, বেয়ারস্টো ৩, প্রায়র ৭৩, ব্রড ১৬, ফিন ০, অ্যান্ডারসন ৪, পানেসার ০*; বোল্ট ৬/৬৮, সাউদি ৩/৪৪, ওয়াগনার ১/৩৬)
