২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হার ৮ উইকেটে

তামিম ইকবালের শতকের পরও শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ। তিলকারত্নে দিলশানের শতকের সৌজন্যে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে স্বাগতিকরা। সুবাদে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। সোমবার দ্বিতীয় ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 08:40 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ।

দুই দফা ফ্লাডলাইট বিভ্রাটে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জয়ের জন্য শ্রীলঙ্কার নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩৮ রান। ৩৫ ওভার ৪ বলে ১ উইকেটেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

প্রথম পাওয়ার প্লে ৮ ও দ্বিতীয় পাওয়ার প্লে ৪ ওভারে নেমে এলেও শ্রীলঙ্কার ব্যাটিংয়ে তার কোনো প্রভাব পড়েনি। দ্বিতীয়বার ফ্লাড লাইট বিভ্রাটে নির্ধারিত সময়ের এক ঘন্টার বেশি সময় পরে খেলা শুরু হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে কুশল পেরেরার সঙ্গে দিলশানের ১০৬ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। ব্যক্তিগত ২৫ রানে সোহাগের বলে একবার জীবন পেলেও তার বলেই স্লিপে নাসির হোসেনের ক্যাচে পরিণত হয়ে কুশল বিদায় নিলে ভাঙ্গে ১২ ওভার ১ বল স্থায়ী জুটি।

এরপর কুমার সাঙ্গাকারার সঙ্গে দিলশানের ১২৮ রানের আরেকটি চমৎকার জুটি দলকে পৌঁছে দেয় জয়ের দ্বারপ্রান্তে। জয়ের চার রান দূরে থেকে সাঙ্গাকারা (৬৩) ‍রুবেল হোসেনের ‘শিকারে’ পরিণত হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ১৫তম শতকে পৌঁছানো দিলশান (১১৩)। তার ১০৮ বলের ইনিংসে ১১টি চার।

ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় সিরিজ শেষ হয়ে গেছে তামিমের।

এর আগে ব্যাট করতে নেমে এনামুল হকের সঙ্গে তামিমের ৪৪ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো সূচনা এনে দেয়। অষ্টম ওভারে থিসেরা পেরেরার বলে ব্যাটের কানা ছুঁইয়ে এনামুল বোল্ড হয়ে গেলে প্রথম উইকেট হারায় অতিথিরা।

দেড় বছর পর ওয়ানডেতে ফেরা স্মরণীয় করে রাখতে পারেন নি মোহাম্মদ আশরাফুল। রানের খাতা খোলার আগেই নুয়ান কুলাসেকারার বলে মিডঅফে কুশলের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। অধিনায়ক মুশফিকুর রহিমও দ্রুত বিদায় নিলে অতিথিদের স্কোর পরিণত হয় ৬৩/৩-এ।

সেখান থেকে দলকে টেনে তোলেন তামিম। চতুর্থ উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৬৬ ও পঞ্চম উইকেটে নাসিরের সঙ্গে তার ৭৫ রানের দুটি চমৎকার জুটির সুবাদে দুশ পেরুয় বাংলাদেশ।

রানআউট হওয়ার আগে দলকে ৪ উইকেটে ২০৪ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন তিন বছর পর ওয়ানডে শতক পাওয়া তামিম (১১২)। তার ১৩৬ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে শতকে পৌঁছান তিনি।

তামিম চতুর্থ শতকে পৌঁছানোর পর ফ্লাডলাইট বিভ্রাটে খেলা বিশ মিনিট বন্ধ থাকে। খেলা শুরু হলে তামিমের বিদায়ের পরের বলেই দেশের ১০৬তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষিক্ত জিয়াউর রহমান ও আট বল পর সোহাগ তাকে অনুসরণ করলে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেখান থেকে অতিথিদের স্কোর আড়াইশ পেরুয় নাসিরের অপরাজিত ৭৩ রানের সৌজন্যে। তার ৫৯ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। ২০ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ অর্ধশতক।

শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৫৯/৮ (তামিম ১১২, এনামুল ১৩, আশরাফুল ০, মুশফিক ৩, মাহমুদুল্লাহ ২৯, নাসির ৭৩*, জিয়া ০, সোহাগ ৬, হাসান ৩, রাজ্জাক ৬*; ম্যাথিউস ২/৩৬, মালিঙ্গা ২/৫১, থিসেরা ১/৪৫, সেনানায়েকে ১/৪৬, কুলাসেকারা ১/৬৭)

শ্রীলঙ্কা: ৩৫ ওভার ৪ বলে ২৩৮/২ (কুশল ৪২, দিলশান ১১৩*, সাঙ্গকারা ৬৩, চান্দিমাল ৩*; রুবেল ১/৪৪, সোহাগ ১/৪৬ )