লজ্জা ঘুচালো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করার সুবাদে বড় এক লজ্জা ঘুচিয়েছে বাংলাদেশ। সাত মাস পর আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শূন্য পয়েন্ট থেকে উঠে এসেছে তারা।
টেস্টে ধারাবাহিক হারের কারণে গত বছর আইসিসির বার্ষিক মূল্যায়ানের পর অগাস্টে প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় শূন্য।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট ড্র করার সুবাদে মঙ্গলবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ২০ পয়েন্ট পেয়েছে মুশফিকুর রহিমের দল।
১৮ ম্যাচে ২০ পয়েন্টের সুবাদে ১ রেটিং নিয়ে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ।
১৬৭ পয়েন্টের সুবাদে ৪২ রেটিং থাকলেও যথেষ্ট ম্যাচ না খেলায় জিম্বাবুয়ে আইসিসির র্যাংকিংয়ে নেই। ৩৬ ম্যাচে ১২৮ রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
