২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হার ৭ উইকেটে

রঙ্গনা হেরাথের নৈপুণ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে স্বাগতিকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:54 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলা শুরু করে ১০৭ রান যোগ করে শেষ ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনেই ২৬৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকায় শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। দিনের তৃতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার অর্ধশতকের সৌজন্যে জয় পেতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের। দলীয় ৩১ রানে দিমুথ করুনারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দলকে প্রথম সাফল্য এনে দেন রবিউল ইসলাম। দ্বিতীয় উইকেটে দিলশান-সাঙ্গাকারার ৯৪ রানের জুটি ভাঙ্গার কৃতিত্বও তার। বোল্ড হওয়ার আগে ৫৭ রান করে দিলশান।

অর্ধশতকে পৌঁছার পর বেশিক্ষণ টেকেন নি বাংলাদেশের বিপক্ষে আগের পাঁচ ইনিংসেই শতকে পৌঁছানো সাঙ্গাকারা। অফস্পিনার সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে থেমে যায় তার ৫৫ রানের ইনিংস।

বাকি কাজটুকু সহজেই সারেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে।

এর আগে প্রথম ইনিংসের ‘হন্তারক’ রঙ্গনা হেরাথের ঘূর্ণিতেই দ্বিতীয় ইনিংসে বিভ্রান্ত হয় অতিথিরা। প্রথম ইনিংসে ৬৮ রানে ৫ উইকেট নেয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা (৭/৮৯) বোলিংয়ের সৌজন্যে নিজের ৩৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখেন।

এ নিয়ে ১৬বার পাঁচ উইকেট নিলেন হেরাথ, ১০ উইকেট তিনবার। দুই ইনিংস মিলিয়ে ১৫৭ রানে নিয়েছেন ১২ উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিংও।

বাংলাদেশের বিপক্ষে এটি অতিথিদের দ্বিতীয় সেরা বোলিং। এর আগে ২০০৭ সালে ক্যান্ডিতে ৮৯ রানে ১২ উইকেট নিয়েছিলেন সর্বকালের সেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।

দিনের প্রথম ওভারেই মমিনুল হককে শর্ট লেগে দিমুথ করুনারত্নের ক্যাচে পরিণত করে প্রথম আঘাত হানেন হেরাথ। এরপর রানের খাতা খোলার আগেই নাসির হোসেনকে বোল্ড করে অতিথিদের অস্বস্তিতে ফেলেন তিনি।

একবার জীবন পাওয়া সোহাগের আক্রমণাত্মক ২৬ রানের সৌজন্যে অতিথিদের স্কোর দুশ পেরুনোর পর আবার আঘাত হানেন হেরাথ। লংঅনে সোহাগকে সুরঙ্গা লাকমালের ক্যাচে পরিণত করে নিজের ষষ্ঠ উইকেট নেন তিনি।

তখনও অতিথির স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দলীয় ২২৮ রানে তাকে স্লিপে ম্যাথিউসের ক্যাচে পরিণত করে অতিথিদের ভীষণ বিপদে ফেলেন হেরাথ। মুশফিক হেরাথের দুশতম টেস্ট ‘শিকার’।

সেখান থেকে অতিথিদের লিড দেড়শ পেরুয় দশম উইকেটে জুটিতে আবুল হাসান ও রবিউলের ২৬ রানের সৌজন্যে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৪০ ও ২৬৫ (তামিম ৫৯, জহুরুল ৪৮, আশরাফুল ৪, মমিনুল ৩৭, মাহমুদুল্লাহ ০, মুশফিক ৪০, নাসির ০, সোহাগ ২৬, হাসান ২৫*, রুবেল ৭, রবিউল ১০; হেরাথ ৭/৮৯, এরাঙ্গা ২/৩৯, দিলশান ১/৬২)

শ্রীলঙ্কা: ৩৪৬ ও ১৬০/৩ (করুনারত্নে ১৬, দিলশান ৫৭, সাঙ্গাকারা ৫৫, থিরিমান্নে ১৩*, ম্যাথিউস ১৩*; রবিউল ২/ ৪২, সোহাগ ১/৪৭)

ম্যাচ সেরা: রঙ্গনা হেরাথ। সিরিজ সেরা: কুমার সাঙ্গাকারা।