মোহালিতেও জিতে সিরিজ ভারতের
প্রথম দিন বৃষ্টির জন্য একটি বলও হতে পারেনি। তবু মোহালিতে তৃতীয় টেস্টে হার এড়াতে ব্যর্থ অস্ট্রেলিয়া। সোমবার শেষ দিনে ৬ উইকেটে জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারতের সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে।
দিল্লিতে ২২ মার্চ থেকে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।
৩ উইকেটে ৭৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের সপ্তম ওভারে ‘নাইটওয়াচম্যান’ নাথান লিয়নকে হারায় অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কও বেশি দূর যেতে পারেননি। লিয়নের সমান ১৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। এ নিয়ে সিরিজে পঞ্চম বারের মতো জাদেজার ‘শিকার’ হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
তিন ওভার পর অতিথিদের জন্য আরেকটি বড় আঘাত। অপরাজিত ৫৩ রান নিয়ে দিন শুরু করা ফিলিপ হিউজকে (৬৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন।
কিছুক্ষণ পর মোইজেস হেনরিক্সের ফিরতি ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়াকে ১২৬/৭-এ পরিণত করেন জাদেজা। ১৭ রান যোগ হওয়ার পর পিটার সিডলও ওঝার বলে বোল্ড।
মধ্যাহ্ন-বিরতির সময় ২ উইকেট হাতে নিয়ে মাত্র ৭৯ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। শেষ দুই জুটিতে ব্র্যাড হ্যাডিনের (৩০) সঙ্গে মিচেল স্টার্ক (৩৫) ৩৬ এবং স্টার্কের সঙ্গে জাভিয়ের ডোহার্টি (অপরাজিত ১৮) ৪৪ রান যোগ করায় তা বেড়ে দাঁড়ায় ১৩২ রানে।
ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পাওয়ায় টেস্ট অভিষেকে দ্রুততম শতক করা শিখর ধাওয়ান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি।
তবে মুরালি বিজয় (২৬), চেতেশ্বর পুজারা (২৮), বিরাট কোহলি (৩৪) ও শচীন টেন্ডুলকারের (২১) সম্মিলিত প্রচেষ্টা ১৩৩ রানের লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার ওঠে ধাওয়ানের হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪০৮ (স্টার্ক ৯৯, স্মিথ ৯২, কাওয়ান ৮৬, ওয়ার্নার ৭১; ইশান্ত ৩/৭২, জাদেজা ৩/৭৭) ও ২২৩ (ওয়ার্নার ২, কাওয়ান ৮, হিউজ ৬৯, স্মিথ ৫, লিয়ন ১৮, ক্লার্ক ১৮, হ্যাডিন ৩০, হেনরিক্স ২, সিডল ১৩, স্টার্ক ৩৫, ডোহার্টি ১৮*; ভুবনেশ্বর ৩/৩১, জাদেজা ৩/৩৫, ওঝা ২/৪৬, অশ্বিন ২/৭২)
ভারত: ৪৯৯ (ধাওয়ান ১৮৭, বিজয় ১৫৩, কোহলি ৬৭*; সিডল ৫/৭১) ও ১৩৬/৪ (বিজয় ২৬, পুজারা ২৮, কোহলি ৩৪, টেন্ডুলকার ২১, ধোনি ১৮*, জাদেজা ৮*; ডোহার্টি ১/২৪, লিয়ন ১/২৭, সিডল ১/৩৪)।
ম্যাচ সেরা: শিখর ধাওয়ান।
