২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহালিতেও বিপদে অস্ট্রেলিয়া

প্রথম দিন বৃষ্টিতে একটিও বল হতে পারেনি। তবু মোহালিতে তৃতীয় টেস্টে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭৫ রান নিয়ে চতু্র্থ দিন শেষ করা অতিথিরা ১৬ রানে পিছিয়ে আছে ভারতের চেয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

প্রথম দুই টেস্টে জয় পাওয়ায় চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল।

অভিষেক টেস্টে দ্বি-শতকের আশা জাগিয়েও অনন্য কীর্তিটা গড়তে পারেননি শিখর ধাওয়ান। আগের দিনের ১৮৫ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করে ফিরে যান তিনি।

তবে মুরালি বিজয়ের অনবদ্য ১৫৩ রানের সঙ্গে বিরাট কোহলির ‍অপরাজিত ৬৭ ভারতকে ৪৯৯ রান এনে দেয়। যদিও বিনা উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের ইনিংসটা আরো বড় হতে পারতো।

হয়নি ৭১ রানে ৫ উইকেট নেয়া পিটার সিডলের কারণে। অস্ট্রেলিয়ার ডান হাতি পেসারের এটি চতুর্থ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।

নাথান লিয়নের করা দিনের দ্বিতীয় ওভারে এড কাওয়ানকে ক্যাচ দেন ধাওয়ান। তার ১৭৪ বলের ইনিংসে ৩৩টি চার ও দুটি ছক্কা।

২৮৯ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর দ্বিতীয় সাফল্যের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অস্ট্রেলিয়াকে। তিন রান যোগ হওয়ার পর চেতেশ্বর পুজারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিডল।

এরপর টেন্ডুলকারের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে দলকে বিশাল সংগ্রহ এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন বিজয়। ৩৭ রান করা টেন্ডুলকারকে শর্ট লেগে কাওয়ানের ক্যাচ বানিয়ে জুটিটা ভাঙ্গেন স্টিভেন স্মিথ।

পরের ব্যাটসম্যান কোহলির সঙ্গে ২৮ রান যোগ করার পর বিদায় নেন বিজয়ও। তার ৩১৭ রানের ইনিংসটি সাজানো ১৯ চার ও তিন ছক্কায়।

এরপর সিডলের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। তবে কোহলির দৃঢ়তা ৫০০-র কাছাকাছি পৌঁছে দেয় মহেন্দ্র সিং ধোনির দলকে।

৯১ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২৫ রানে তিন উইকেট নেন এই ডানহাতি পেসার।

অতিথি ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে একমাত্র ব্যতিক্রম ফিল হিউজ। দিনশেষে তিনি ৫৩ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪০৮ (স্টার্ক ৯৯, স্মিথ ৯২, কাওয়ান ৮৬, ওয়ার্নার ৭১; ইশান্ত ৩/৭২, জাদেজা ৩/৭৭) ও ৭৫/৩ (ওয়ার্নার ২, কাওয়ান ৮, হিউজ ৫৩*, স্মিথ ৫, লিয়ন ৪*; ভুবনেশ্বর ৩/২৫)

ভারত: ৪৯৯ (বিজয় ১৫৩, ধাওয়ান ১৮৭, পুজারা ১, টেন্ডুলকার ৩৭, কোহলি ৬৭*, ধোনি ৪, জাদেজা ৮, অশ্বিন ৪, ভুবনেশ্বর ১৮, ইশান্ত ০, ওঝা ১; সিডল ৫/৭১, স্টার্ক ২/৭৪, হেনরিক্স ১/৬২, স্মিথ ১/৬৩, লিয়ন ১/১২৪)