তৃতীয় ওয়ানডেতে এগিয়ে যাওয়ার লড়াই
রোববার জোহানেসবার্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একটি করে ম্যাচ জেতায় দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ।
ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কলিন ইনগ্রামের অপরাজিত ১০৫ রান এবং রোরি ক্লাইনভেল্ট (৪/২২) ও রায়ান ম্যাকলারেনের(৩/১৯) দারুণ বোলিং ১২৫ রানের সহজ জয় এনে দিয়েছিল স্বাগতিকদের।
শুক্রবার সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতেও তেমন লড়াই হয়নি। তবে এবার হার মেনেছে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ ইরফানের (৪/৩৩) তোপে প্রতিপক্ষকে ১৯১ রানে বেঁধে ফেলে, অধিনায়ক মিসবাহ-উল-হকের অপরাজিত ৫৭ রানের ওপরে ভর করে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ধারণা, জোহানেসবার্গে তীব্র লড়াই হবে। তিনি বলেন, “ওয়ান্ডারার্সে (জোহানেসবার্গের ভেন্যু) দুই দলই ভালো খেললে রোববার আকর্ষণীয় একটা ম্যাচের আশা করাই যায়। যদিও ওয়ান্ডারার্সের বাউন্সি এবং দ্রুত গতির পিচ আমাদের কিছুটা হলেও এগিয়ে রাখতে পারে।”
অন্যদিকে সতীর্থদের আরো দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে মিসবাহ বলেন, “ফিল্ডিংয়ে বাধ্য-বাধকতার সময় উইকেট নিতে হবে। প্রত্যেক ব্যাটসম্যানের বড় রান করাও প্রয়োজন। সব মিলিয়ে আমাদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে।”
অতিথিরা ইরফানকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। পায়ের চোটের কারণে এই বাঁহাতি পেসার না-ও খেলতে পারেন রোববার।
