লড়াইয়ের প্রত্যয় ইংল্যান্ডের
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসের দৃঢ়তাভরা ব্যাটিং আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে ইংল্যান্ড দলে। বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের কণ্ঠে তাই লড়াইয়ের প্রত্যয়।
বুধবার কুক বলেন, “(প্রথম টেস্টে) ঘুরে দাঁড়ানোর সুবাদে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমরা। (প্রথম ইনিংসে) আমরা একদমই ভালো ব্যাট করতে পারিনি। তবে এর পরে ঘুরে দাঁড়ানোর জন্য ভালোই দৃঢ়তার পরিচয় দিয়েছি।”
ডানেডিনে প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৬৭ রানে অলআউট হওয়ার পর ৯ উইকেটে ৪৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৯৩ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুক ও নিক কম্পটনের শতকের সুবাদে ৬ উইকেটে ৪২১ রান করে খেলা অমীমাংসিত রাখে অতিথিরা।
ড্র করলেও প্রথম টেস্টের পারফরম্যান্স ওয়েলিংটনে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ম্যাককালামকে। স্বাগতিক দলের অধিনায়ক বলেন, “ডানেডিনের মতো ওয়েলিংটনেও শুরুতে একধাপ এগিয়ে থাকতে পারলে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তাই
শুরুটা ভালো করা খুবই গুরুত্বপূর্ণ।”
