মেসির নৈপুণ্যে শেষ আটে বার্সা
সব সমালোচনার জবাব মাঠেই দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে এসি মিলানকে ৪-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
গত মাসে অনুষ্ঠিত প্রথম লেগে মিলানের মাঠ সান সিরোয় ২-০ গোলে হেরে গিয়েছিল বার্সা। কিন্তু মঙ্গলবার রাতে মেসির আরেকটি অনন্য নৈপুণ্যে ৭ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ৪-২ অগ্রগামিতায় পেছনে ফেলে দিয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্কের গ্যালাতাসারাইও। ফিরতি লেগে জার্মানির শালকে জিরো ফোরের মাঠে ৩-২ গোলের জয় পেয়েছে তারা। গ্যালাতাসারাইয়ের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
কয়েক দিন আগে মেসি বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দলের জোরালো প্রচেষ্টার প্রয়োজন। মিলানের মাঠে আগের ম্যাচে এবং টানা দুটো এল ক্লাসিকোতে অনুজ্জ্বল উপস্থিতির কারণে তাকেও সমালোচনা সইতে হচ্ছিল।
বার্সার ঘরের মাঠ নিউ ক্যাম্পে সব সমালোচনার দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। গোল তো করেছেনই, সেই সঙ্গে রক্ষণভাগকে সাহায্য করতে ডি-বক্সের কাছাকাছিও নেমে এসেছেন বেশ কয়েক বার।
মিলানের হতাশার রাতে মেসির সঙ্গে আলো ছড়িয়েছেন স্বাগতিকদের মাঝমাঠের দুই প্রাণশক্তি জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তা, ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস এবং দুই ডিফেন্ডার জর্ডি অ্যালবা ও দানি আলভেজ।
মাত্র পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে তার বাঁ পায়ের আরেকটি জাদুকরি শটে ২-০তে এগিয়ে যায় উজ্জীবিত বার্সা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ডেভিড ভিয়া এবং বাড়তি সময়ের দ্বিতীয় মিনিটে শেষ গোলটি করেন অ্যালবা। প্রতিপক্ষের আক্রমণের ঢেউ সামলাতে বেশির সময় নিজেদের অর্ধেই ব্যস্ত থাকতে হয়েছে মিলানকে।
প্রায় ৯০ হাজার মানুষের সমর্থনধন্য বার্সা প্রথম থেকেই মিলানের ওপরে প্রচণ্ড চাপ তৈরি করে। তারই ফলশ্রুতিতে জাভির সঙ্গে বল দেয়া-নেয়া করে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মেসির তীব্র গতির শট খুঁজে পায় অতিথিদের জাল। মিলানের গোলরক্ষক ক্রিস্টিয়ান অ্যাবিয়াতি জায়গা থেকে নড়ারই সুযোগ পাননি।
৩৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল অতিথি দল। বার্সার আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো হেড করে দলকে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। তিনি বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে মিলানের ফরাসী স্ট্রাইকার এম’বায়ে নিয়াং পেয়ে যান সুবর্ণ সুযোগ। তবে স্বাগতিকদের গোলরক্ষক ভিক্টর ভালদেসকে একা পেয়েও বল সাইড বারে মেরে দলকে হতাশ করেন তিনি।
এর তিন মিনিট পরেই দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। ইনিয়েস্তার পাস থেকে মেসির বাঁ পায়ের আরেকটি ঝলক ২-০ গোলে এগিয়ে দেয় বার্সাকে।
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে এটি মেসির ৫৮তম গোল। রুড ফন নিস্টলরয়কে (৫৬ গোল) পেছনে ফেলে তিনি এখন চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে। ৭১ গোল নিয়ে সবার ওপরে আছেন রাউল গঞ্জালেস।
খেলা শেষে ভিয়া বলেন, “আমাদের শুরুটাই ছিল দুর্দান্ত। শুরুর গোলটা আমাদের দারুণ সাহায্য করেছে। অবশ্য প্রথম মিনিট থেকে আমরা গোলের জন্যই খেলেছি।”
“খেলার প্রথম থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা (কোয়ার্টার ফাইনালে উঠতে) পারবো। আসলে শেষ ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই এই বিশ্বাস ছিল,” যোগ করেন চোট কাটিয়ে মাঠে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে যাওয়া এই স্ট্রাইকার।
আলবা বলেন, “বার্সেলোনা পুরনো চেহারায় ফিরেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। আজকের মতো মৌসুমের বাকিটাতেও একইভাবে খেলে যেতে হবে।”
অন্যদিকে মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, “বার্সেলোনা অসাধারণ খেলেছে। প্রথম লেগের অমন ফলাফলের পর টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া সত্যিই হতাশাজনক।”
