২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের দ্বিশতকে বাংলাদেশের দিন

অধিনায়ক মুশফিকুর রহিমের দ্বিশতক ও নাসির হোসেনের শতকের সৌজন্যে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ৬৩৮ রান করে বাংলাদেশ। ৬৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেটে ১১৬ রান করে ৪৮ রানে এগিয়ে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 05:08 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

তিলরকারত্নে দিলশান ৬৩ ও কুমার সাঙ্গাকারা ৪৯ রানে ব্যাট করছেন। দ্বিতীয় উইকেটে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। ব্যাক্তিগত ১৩ রানে সোহাগ গাজীর বলে মুশফিকের হাতে সাঙ্গাকারা জীবন না পেলে খেলার চিত্র অন্যরকমও হতে পারত।

দিনের শেষ সেশনে অতিথিদের একমাত্র সাফল্য এনে দিয়েছেন শাহাদাত হোসেন। তার বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে দিমুথ করুনারত্নে আবুল হাসানের ক্যাচে পরিণত হলে ১৭ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ৪ উইকেটে ৫৭০ (ডিক্লে.) রানের জবাবে ১৯৬ ওভারে গড়া ৬৩৮ টেস্টে অতিথিদের সর্বোচ্চ রান। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের ৫৫৬ ছিল তাদের সর্বোচ্চ।

সোমবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ উইকেটে ৪৩৮ রান নিয়ে খেলা শুরু করে প্রথম বলেই উইকেট হারাতে পারত অতিথিরা। দিলশানের বল রিভার্স সুইপ করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছিলেন আশরাফুল। কিন্তু বল ব্যাটে না লাগায় সে যাত্রায় বেঁচে যান তিনি।

আগের দুই দিন বেশ আস্থার সঙ্গে খেললেও এদিন খুব একটা স্বস্তিতে ছিলেন না আশরাফুল। ১৮৯ রান নিয়ে খেলা শুরু করে ১৯ বল খেলে ১ রান যোগ করেই ভীষণ হতাশা তিনি বিদায় নিলে ভাঙ্গে মুশফিকের সঙ্গে তার রেকর্ড গড়া ২৬৭ রানের রেকর্ড জুটি।

শ্রীলঙ্কা সফরে আগের আট টেস্টের সাতটিতেই ইনিংস ব্যবধানে হারা বাংলাদেশকে প্রথমবারের মত লিড এনে দেয়ার কৃতিত্ব মুশফিক-নাসিরের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতক করার পথে ষষ্ঠ উইকেটে নাসিরের সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন মুশফিক।

দ্বি-শতকে পৌঁছানোর পরের বলে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে অধিনায়ক সাজঘরে ফিরলে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। মুশফিকের (২০০) ৩২১ বলের ইনিংসে ২২টি চার ও ১টি ছক্কা।

শুরুটা ভালোই করেছিলেন আট নম্বর ব্যাটসম্যান সোহাগ। ২৬ বলে তার আক্রমণাত্মক ২১ রানের ইনিংসও শেষ হয় আম্পায়ারের আরেক বিতর্কিত সিদ্ধান্তে। জন্মদিনে অজন্তা মেন্ডিসের ‘উপহার’ হয়ে আসে তার উইকেট।

টেস্টে বাংলাদেশের স্কোর প্রথমবার ছয়শ পেরুয় নাসিরের সৌজন্যে। ৭ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে দুবার নার্ভাস নাইনটিজের শিকার নাসির তৃতীয় চেষ্টায় পৌঁছান প্রথম শতকে। চলতি টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

১৫১ বলে ৯টি চারের সাহায্যে ১০০ রান করে নাসির দিলশানের প্রথম শিকারে পরিণত হলে অতিথিদের বড় লিডের স্বপ্ন ভেঙ্গে যায়।

এরপর ইলিয়াস সানি একবার জীবন পেয়েও রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরলে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে হাসানের অপরাজিত ১৬ ও শাহাদাতের ১৩ রানের সৌজন্যে পঞ্চাশ পেরুয় অতিথিদের লিড।

শ্রীলঙ্কার পক্ষে দিলশান, নুয়ান কুলাসেকারা, সমিন্দা এরাঙ্গা, মেন্ডিস ও রঙ্গনা হেরাথ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫৭০/৪ডিক্লে. ও ১১৬/১ (করুনারত্নে ৩, দিলশান ৬৩*, সাঙ্গাকারা ৪৯*; শাহাদাত ১/১৮)

বাংলাদেশ: ৬৩৮ (জহুরুল ২০, এনামুল ১৩, আশরাফুল ১৯০, মমিনুল ৫৫, মাহমুদুল্লাহ ০, মুশফিক ২০০, নাসির ১০০, সোহাগ ২১, হাসান ১৬*, সানি ০, শাহাদাত ১৩; দিলশান ২/৭৫, কুলাসেকারা ২/৯৪, এরাঙ্গা ২/১২২, মেন্ডিস ১/১৫২, হেরাথ ১/১৬১)