২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল, মমিনুলের দিকে তাকিয়ে বাংলাদেশ

গল টেস্টে স্বাগতিকদের আবার ব্যাট করাতে বাংলাদেশের প্রয়োজন আরো ২৩৬ রান, হাতে আছে ৮ উইকেট। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয় বলেছেন, দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে মোহাম্মদ আশরাফুল ও মমিনুল হকের ওপর তার আস্থা রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার দ্বিতীয় দিন তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়েছেন আশরাফুল-মমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে আগের পাঁচটি অর্ধশতকের চারটিকেই শতকে পরিণত করা আশরাফুল সাবলীলভাবেই ব্যাট করছেন ৬৫ রানে। তৃতীয় সকালেও দল তাকিয়ে থাকবে দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের দিকে।

অভিষেক ইনিংসে স্নায়ু চাপে ভোগার কোনো চিহ্নই দেখা যায় নি বাঁহাতি ব্যাটসম্যান মমিনুলের ব্যাটিংয়ে। মাতারায় একমাত্র প্রস্তুতি ম্যাচে আশরাফুলের সঙ্গে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তিনি। ম্যাচ বাঁচাতে তার পুনরাবৃত্তি করতে হবে তাদের।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এনামুল বলেন, “আমার মনে হয় তৃতীয় দিন আমরা ব্যাট করতে পারলে খেলার চিত্র পাল্টে যাবে। আমাদের হাতে এখনো আট উইকেট রয়েছে এবং ক্রিজের দুই ব্যাটসম্যানই ‘সেট’।” অজন্তা মেন্ডিসের বল জায়গা দঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে এনামুল বোল্ড হয়ে গেলে মাঠে জুটি বাধেন আশরাফুল-মমিনুল। নিজের আউট নিয়ে এনামুল বলেন, “এই শট খেলতে গিয়ে প্রথম এভাবে আউট হলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (ওয়ানডে সিরিজে) আমি পা বাড়িয়ে এই শট খেলেছি। আমি দুসরা বুঝতে পেরেছিলাম কিন্তু বল টার্ন করায় ব্যাটে লাগাতে পারিনি।” ২০০৬ সালের বগুড়া টেস্টে নাফিস ইকবাল ও জাভেদ ওমর বেলিমের পর এই প্রথম বাংলাদেশের পক্ষে ইনিংস উদ্বোধন করলেন দুই ডানহাতি ব্যাটসম্যান। নিজের আউট নিয়ে হতাশা থাকলেও আশরাফুলের ব্যাটিংয়ে মুগ্ধ এনামুল বলেন, “আশরাফুল ভাই সেট হয়েই রান করতে থাকেন। তখন আমার মনে হয়িছিল, রান করতে হলে আমাকে দীর্ঘ সময় উইকেটে থাকতে হবে।”