রাদারফোর্ডের শতকে নিউজিল্যান্ডের বড় লিড
অভিষেকে হামিশ রাদারফোর্ডের শতকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৩৫ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।
শুক্রবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে তৃতীয় সেশনে বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে ২০ মিনিটের বেশি খেলা হতে পারেনি। এর আগে টেস্টের প্রথম দিন বৃষ্টির তাণ্ডবে একটি বলও হয়নি।
নিউজিল্যান্ডের পক্ষে অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলা রাদারফোর্ডের ব্যাট থেকে এসেছে ১৭১ রান। তার শতকের সৌজন্যে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৪০২ রান করেছে নিউজল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ১৬৭ রান।
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাথু সিনক্লেয়ারের ২১৪ অভিষেকে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৪৫ ও ব্রুস মার্টিন ১৭ রানে অপরাজিত। অষ্টম উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।
রাদারফোর্ড অভিষেকে শতক করা নিউজিল্যান্ডের নবম ব্যাটসম্যান। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলেন ১৬৭ রান নিয়ে। বিরতির পর দ্বিতীয় নতুন বলের প্রথম বলে জেমস অ্যান্ডারসনের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি।
রাদারফোর্ডের ৩৪০ বলের ইনিংসে ২২টি চার ও ৩টি ছক্কা।
দ্বিতীয় সেশনে দ্বিতীয় নতুন বলে সাফল্য পেয়েছেন অতিথি দলের বোলাররা। প্রথম সেশনে পিটার ফুলটন ও স্বাগতিকদের পক্ষে টেস্টে অভিষেক সর্বশেষ শতক করা কেন উইলিয়ামসনকে বিদায় করা অতিথি বোলাররা দ্বিতীয় সেশনে নেন ৫ উইকেট।
১০৮ রানে ৪ উইকেট নিয়ে অ্যান্ডারসন ইংল্যান্ডের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৬৭ (কুক ১০, কম্পটন ০, ট্রট ৪৫, পিটারসেন ০, বেল ২৪, রুট ৪, প্রায়র ২৩, ব্রড ১০, ফিন ২০, অ্যান্ডারসন ২৩, পানেসার ১*; ওয়াগনার ৪/৪২, মার্টিন ৪/৪২, বোল্ট ১/৩২, সাউদি ১/৪৫)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪০২/৭ (ফুলটন ৫৫, রাদারফোর্ড ১৭১, উইলিয়ামসন ২৪, টেইলর ৩১, ব্রাউনলি ২৭, ম্যাককালাম ৪৪*, ওয়াটলিং ০, সাউদি ২৫, মার্টিন ১৭*; অ্যান্ডারসন ৪/১০৮, ব্রড ২/৮৯, পানেসার ১/৮৩ )
