ক্লার্ককে সাহায্যের আবেদন ওয়েডের
অধিনায়ক মাইকেল ক্লার্কের ওপর থেকে বাড়তি চাপ কমাতে দলের প্রথম সারির ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের জন্য মাইকেলকে (ক্লার্ক) অনেক বেশি রান করার চাপ নিতে হচ্ছে।”
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্লার্কের সঙ্গে ১৪৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন ওয়েড। কিন্তু তিনি ৬২ রান করে আউট হয়ে যাওয়ার পর আর কেউ সঙ্গ দিতে পারেনি ক্লার্ককে। অধিনায়ক ৯১ রান করলেও অতিথিরা অলআউট হয়ে যায় ২৩৭ রানে।
দ্বিতীয় টেস্ট এক ইনিংস ও ১৩৫ রানে জিতে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
আত্মসমালোচনা করে ওয়েড বলেন, “এই টেস্টে (হায়দ্রাবাদ টেস্ট) আউট হয়ে আমি খুব হতাশ হয়েছিলাম। আমরা প্রায় ১৫০ রানের মতো যোগ করেছিলাম এবং দুজনেই বেশ ভালো খেলছিলাম। যদি আমি তার (ক্লার্ক) সঙ্গে টিকে থাকতে পারতাম তাহলে আমাদের সংগ্রহ আরো বড় হতে পারতো।”
“ব্যক্তিগতভাবে আমি চাই, আমরা যেন তার সঙ্গে উইকেটে টিকে থেকে, তাকে আরেকটু সাহায্য করে তার ওপর থেকে চাপ কমাতে পারি। যদিও আমি নিশ্চিত, যাই হোক না কেন, সে রান করেই যাবে,” যোগ করেন তিনি।
প্রথম দুই টেস্টে ৬৭ গড়ে ২৬৮ রান করেছেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার পক্ষে ৫১.৩৩ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ রান মোইজেস হেনরিক্সের।
