টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু
আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এখনই এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা।
আগামী ৬ এপ্রিল টুর্নামেন্টের ইভেন্ট লঞ্চিং হবে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঠিক হয়েছে। আশা করি স্টেডিয়াম ও আবাসন নিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে।”
“কক্সবাজারে নিজস্ব অর্থায়নে বিসিবি একটি স্টেডিয়াম নির্মাণ করবে। সেখানেই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আবাসন সমস্যা সমাধানে হোটেল সোনারগাঁওয়ের উন্নয়ন কাজ বিশ্বকাপের পর শুরু করার অনুরোধ জানিয়েছি আমরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে চিঠিও দেয়া হয়েছে,” যোগ করেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘আসল’ বিশ্বকাপ অর্থাৎ পুরুষ বিভাগের খেলা হবে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপিকেও ভাবনায় রেখেছে বিসিবি।
এই প্রতিযোগিতার কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি কনসার্ট হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান আরো জানান, এ মৌসুমে নির্ধারিত সময়ে প্রিমিয়ার লিগ না-ও শুরু হতে পারে। তিনি বলেন, “ক্রিকেটাররা একটানা খেলে যাচ্ছে। সামনে জাতীয় দলের বেশ কিছু খেলা আছে। তারকা ক্রিকেটারদের ছাড়া ক্লাবগুলো প্রিমিয়ার লিগে খেলতে চাইছে না। তাই মে মাসের দিকে লিগ শুরু হতে পারে।”
ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টি-টোয়েন্টিতে ৩৫ হাজার থেকে ৫০ হাজার, ওয়ানডেতে ৬০ হাজার থেকে এক লাখ এবং টেস্টের ম্যাচ ফি এক লাখ থেকে দেড় লাখ টাকা করা হয়েছে।
ক্রিকেটারদের জন্য সুখবরটা দিলেও তাদের কেউ-কেউ চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়ায় ভীষণ ক্ষুব্ধ নাজমুল হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলতে চায়। কয়েক জন চোট গোপন করেছে, কেউ আবার ফিজিওর নিষেধ সত্ত্বেও খেলেছে। এর কোনোটাই মেনে নেয়া যায় না। এ ব্যাপারে শিগগিরই গাইড লাইন তৈরি করা হবে।”
“সাকিব (আল হাসান) ও তামিম (ইকবাল) আইপিএলে খেলতে পারবে কিনা তা আমার কাছে জানতে চেয়েছিল। কিন্তু তারা কোনো আনুষ্ঠানিক অনুমতি চায়নি। আমি তাদের বলেছি, দেশের খেলা বাদ দিয়ে কারো অন্য কোথাও খেলার কোনো সুযোগ নেই,” যোগ করেন বিসিবি সভাপতি।
