২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের হাতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে সহজেই এক ইনিংস ও ১৩৫ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। অধিনায়ক হিসেবে ২২তম জয় পাওয়ায় ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের কৃতিত্ব এখন মহেন্দ্র সিং ধোনির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

১৪ মার্চ থেকে মোহালিতে শুরু হবে তৃতীয় টেস্ট।

মঙ্গলবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেট ৭৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অতিথিদের ইনিংস হার এড়াতে আরো ১৯২ রান করতে হতো। কিন্তু বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি তারা।

অস্ট্রেলিয়াকে টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে প্রথম ইনিংস ঘোষণা করে ইনিংস ব্যবধানে হারের লজ্জা দেয়ার কৃতিত্ব রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার। এই দুজনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মধ্যাহ্ন-বিরতির আগেই ১৩১ রানে অলআউট হয়ে যায় মাইকেল ক্লার্কের দল।

দিনের তৃতীয় ওভারের শেষ বলে শেন ওয়াটসনকে ধোনির ক্যাচে পরিণত করে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন ইশান্ত শর্মা। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ৭৫।

অতিথিদের ইনিংস শতক পেরোনোর পর অধিনায়ক ক্লার্ককে (১৬) বোল্ড করে ধ্বংসযজ্ঞ শুরু করেন জাদেজা। এর পর আর ২৩ রান যোগ করে শেষ ৬ উইকেট হারানোয় এক সেশনও ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া।

৬৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। টেস্টে এ নিয়ে আট বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই দীর্ঘদেহী অফস্পিনার। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাঁহাতি স্পিনার জাদেজা ৩ উইকেট নেন ৩৩ রানের বিনিময়ে।

তবে দ্বি-শতক করায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে চেতেশ্বর পুজারার হাতে।

ম্যাচ শেষে ধোনি বলেন, “শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভুবনেশ্বর (কুমার) আমাদের ভালো একটা শুরু এনে দিয়েছিল।”

“এখানে কেউ ৪০/৫০ রান করতে পারলে তার বড় ইনিংস খেলা উচিৎ। পুজারা ও বিজয় (মুরালি) তা করে দেখিয়েছে। তারা একটা বড় জুটি গড়েছে, যা গতকাল (সোমবার) আমাদের বাড়তি সুবিধা এনে দিয়েছিল।”

অধিনায়ক হিসাবে ২১টি টেস্ট জয়ী সৌরভ গাঙ্গুলীকে পেছনে ফেলে দেয়া ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরো বলেন, “বোলাররা দারুণ বল করেছে। ইশান্ত গুরুত্বপূর্ণ একটি ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছে। আমি এটিকে দলীয় প্র্রচেষ্টার জয়ই বলবো।”

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৩৭/৯ ডিক্লে. (ক্লার্ক ৯১, ওয়েড ৬২; জাদেজা ৩/৩৩, ভুবনেশ্বর ৩/৫৩) ও ১৩১ (কাওয়ান ৪৪*, ওয়ার্নার ২৬, হিউজ ০, ওয়াটসন ৯, ক্লার্ক ১৬, ওয়েড ১০, হেনরিক্স ০, ম্যাক্সওয়েল ৮, সিডল ৪, প্যাটিসন ০, ডোহার্টি ১*; অশ্বিন ৫/৬৩, জাদেজা ৩/৩৩, ইশান্ত ১/৫)

ভারত: ৫০৩ (পুজারা ২০৪, বিজয় ১৬৭; ম্যাক্সওয়েল ৪/১২৭, ডোহার্টি ৩/১৩১)