পুজারা-বিজয়ের শতকে ভারতের স্বস্তি
চেতেশ্বর পুজারা ও মুরালি বিজয়ের শতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারত। ১ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা স্বাগতিকরা এগিয়ে আছে ৭৪ রানে।
অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ২৯৪ রানের জুটি গড়ে পুজারা ১৬২ ও বিজয় ১২৯ রানে অপরাজিত।
রোববার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিনা উইকেটে ৫ রান নিয়ে ব্যাট করতে নামা ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৭ রানে পিটার সিডলের বলে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দী হন বীরেন্দর শেবাগ (৬)।
সর্বশেষ ১৩ ইনিংসে মাত্র একটি অর্ধ-শতক করা শেবাগের সময়টা একদমই ভালো যাচ্ছে না।
শুরুতেই উইকেট হারিয়ে সতর্কতার সঙ্গে ব্যাট করতে থাকেন পুজারা ও বিজয়। তবে সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে রানের গতি বাড়াতে থাকেন দুজনে।
মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪৯ রানের বেশি যোগ করতে পারেনি ভারত। তবে পুজারা-বিজয়ের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে ১০৬ ও তৃতীয় সেশনে ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
চেন্নাইয়ে প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া বিজয়ের ২৮৮ বলের ইনিংসটিতে ১৭টি চার ও ২টি ছক্কা। এটা তার দ্বিতীয় শতক।
অন্যদিকে চতুর্থ শতকের দেখা পাওয়া পুজারার ২৫১ বলের ইনিংস ২৫টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩৭/৯ ডিক্লে. (ক্লার্ক ৯১, ওয়েড ৬২, জাদেজা ৩/৩৩, ভুবনেশ্বর ৩/৫৩)
ভারত প্রথম ইনিংস: ৩১১/১ (বিজয় ১২৯*, শেবাগ ৬, পুজারা ১৬২*; সিডল ১/৫১)
