২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ‘মিশন শ্রীলঙ্কা’ রোববার থেকে

রোববার তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মাতারায় তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট এমার্জিং দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

গলে ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এটাই বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

এই ম্যাচে খেলবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। চোটের কারণে তার এবং আরেক অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনের অনুপস্থিতি টেস্ট সিরিজে বাংলাদেশকে ভালো করার স্বপ্ন দেখাচ্ছিল। তবে সাঙ্গাকারার প্রত্যাবর্তনে উল্টো স্বাগতিকরাই এখন কিছুটা উজ্জীবিত।

চোটের কারণে বাংলাদেশ দলে নেই প্রথম একাদশের চার জন। তবে তা হতোদ্যম করতে পারেনি মুশফিকুর রহিমকে।

তরুণদের ওপর আস্থা রেখে বাংলাদেশের অধিনায়ক বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজেও আমাদের দলে চোট সমস্যা ছিল। ওয়ানডে সিরিজে সাকিব ছিল না। তারপরও আমরা সিরিজ জিতেছিলাম।”

“তরুণ ক্রিকেটাররা ভালো খেলেই দলে এসেছে। তার (সাকিব) অভাব আমরা অনুভব করবো ঠিকই, তবে একই সঙ্গে তরুণদের জন্য এটা নিজেদের প্রমাণ করার ভালো সুযোগও,” যোগ করেন মুশফিক।

শ্রীলঙ্কার মাটিতে এর আগে ৮ টেস্টের ৭টিতেই ইনিংস ব্যবধানে হেরে গেলেও এবার ভিন্ন কিছু আশা করছেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ দেশের বাইরেও ভালো করার স্বপ্ন দেখাচ্ছে তাকে।