২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্ত নিতে হবে নাফীসকেই: আকরাম

বাঁহাতের চোট নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবেন কিনা সেই সিদ্ধান্ত টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 09:33 AM

Updated : 26 Jul 2022, 03:00 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “ব্লেড দিয়ে ব্যাট পরিস্কার করতে গিয়ে বাঁহাতের তালু কাটায় নাফীসকে পাঁচটি সেলাই নিতে হয়েছে। তাকে অন্তত ৬/৭ দিন বিশ্রাম নিতে হবে।”

“আজকে আমরা বসেছিলাম। যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নাফীসকেই নিতে বলা হয়েছে। যেতে হলে তাকে প্রথম টেস্ট খেলার মত সুস্থ হতে হবে। তার সঙ্গে কথা বলে কালই (মঙ্গলবার) আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব,” যোগ করেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। ৮ মার্চ গলে প্রথম টেস্ট শুরু।

দলের কোচ বিভব সিং আশাবাদী, গল টেস্টের আগেই নাফীস সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, “টেস্ট শুরু হতে এখনো দশদিন বাকি। নাফীসের হাতের সেলাই শুকাতে সাত দিনের মত সময় লাগবে। রিফ্লেক্স ঠিক রাখতে তিনি নরম বল দিয়ে অনুশীলন করতে পারেন।”

চোটের কারণে গত কয়েক বছর ধরে ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা ভরসা সাকিব আল হাসানকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ। দল ঘোষণার পর দিন চোটের কারণে বাদ পড়েন নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়র। এবার নাফীসও চোটে পড়লেন।

ক্রিকেটারদের চোটের কারণে শক্তি হারালেও শ্রীলঙ্কায় ভালো করার ব্যাপারে আশাবাদী আকরাম বলেন, “নতুনদের আমরা সুযোগ দিতে চাই। এবার বাধ্য হয়েই সুযোগ দিতে হল। এরপরও দলে যারা আছে তাদের নিয়ে আমরা আশাবাদী।”

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে হয় বলে ক্রিকেটারদের ফিটনেসের দিকে আরো বেশি নজর দেয়ার সময় এসেছে বলে মনে করেন আকরাম।

তিনি বলেন, “একজন ক্রিকেটার যখনই চোটে পড়ুক তখন বিশ্রাম নেয়া উচিৎ। সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে ফেরা উচিৎ। সাড়ে তিন বছর পর দলে ফিরে এনামের বাদ পড়া খুব দুর্ভাগ্যজনক। তার চোট পুরনো। আগেই তিনি বিসিবির ফিজিওর পরামর্শ নিতে পারতেন।”