সারওয়ানের শতকে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
রামনরেশ সারওয়ানের অপরাজিত শতকের সুবাদে গ্রেনাডায় দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে ২-০ ব্যবধানে। শেষ ম্যাচ হবে মঙ্গলবার, গ্রেনাডার সেন্ট জর্জেসেই।
প্রায় দেড় বছর পর দলে ফিরলেও কিছুতেই রানের দেখা পাচ্ছিলেন না এক সময় দারুণ প্রতিভাবান হিসাবে বিবেচিত সারওয়ান। আগের ৪ ম্যাচে তার ব্যাট থেকে আসে ০, ০, ১২ ও অপরাজিত ৭ রান।
তবে দুঃসময় কাটিয়ে উঠে রোববার অবশেষে জ্বলে উঠলেন সারওয়ান। উদ্বোধন করতে নেমে খেললেন অপরাজিত ১২০ রানের এক দারুণ ইনিংস। ১৪৩ বলের ইনিংসটি সাজানো ৯টি চার ও দুটি ছক্কায়।
এটি সারওয়ানের পঞ্চম ওয়ানডে শতক, আর প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।
অবশ্য সৌভাগ্যও সঙ্গ দিয়েছে তাকে। ব্যক্তিগত ৫৩ রানের সময় মিড অফ থেকে রেগিস চাকাবভার সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দিলেও আম্পায়ার সারওয়ানকে আউট দেননি। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, তিনি তখন ক্রিজের বেশ বাইরে ছিলেন।
কাইরন পাওয়েলের (৫৭) সঙ্গে সারওয়ানের ১১১ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় ক্যারিবীয়দের। তবে এই জুটি প্রায় ২৬ ওভার স্থায়ী হওয়ায় কিছুটা চাপেও ফেলে দেয় ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে।
কিন্তু নরসিং ডিওনারাইন (৪৯ বলে ৪২) এবং বিশেষ করে কাইরন পাওয়েলের (২০ বলে ৪টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৪১) আক্রমণাত্মক ব্যাটিং সব দুশ্চিন্তা দূর করে এক ওভার হাতে রেখে জয় এনে দেয় স্বাগতিকদের।
শতক করলেও সারওয়ান কিন্তু ম্যাচ সেরা নন। ৪৩ রানে ৬ উইকেট নিয়ে পুরস্কারটা পেয়েছেন ড্যারেন স্যামিকে বিশ্রাম দেয়ায় অধিনায়কের দায়িত্ব পাওয়া ডোয়াইন ব্রাভো।
টস জিতে ব্যাট করতে নেমে ক্রেইগ আর্ভিন(৮০), হ্যামিল্টন মাসাকাদজা(৬০) ও ভুসি সিবান্দার (৫১) তিনটি অর্ধ-শতক তিন শ’ এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছিল অতিথিদের। কিন্তু ব্রাভোর জন্যই ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা ধরা-ছোঁয়ার বাইরে যায়নি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৭৩/৮ (সিবান্দা ৫১, চিবাবা ১১, মাসাকাদজা ৬০, টেইলর ০, আর্ভিন ৮০, ওয়ালার ২৬, চাকাবভা ১৫, উতসেইয়া ১২*, জার্ভিস ১, মুশাংউই ০*; ডোয়াইন ব্রাভো ৬/৪৩, নারাইন ১/৫৫, রোচ ১/৬৩)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৭৪/৩ (পাওয়েল ৫৭, সারওয়ান ১২০*, ড্যারেন ব্রাভো ০, ডিওনারাইন ৪২, পোলার্ড ৪১*; মাসাকাদজা ২/২৭)
ম্যাচ সেরা: ডোয়াইন ব্রাভো
