২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম, এনামের দুর্ভাগ্যে দলে মার্শাল, সানি

চোটের কারণে শ্রীলঙ্কার সফরের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়র। তাদের জায়গায় দলে এসেছেন মার্শাল আইয়ুব ও ইলিয়াস সানি।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বিভব সিং বলেন, “এনামুল (হক) আজ (সোমবার) জানিয়েছেন, বাঁপায়ের হ্যামস্ট্রিংয়ে তিনি ব্যথা অনুভব করছেন। মাঠে ফিরতে তার সাত থেকে দশ দিন সময় লাগবে।”

“নাঈম (ইসলাম) ডান পায়ে চোট পেয়েছেন। পরীক্ষার সময় নাঈম দুর্বল ও ব্যথা অনুভব করছিলেন। তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে,” যোগ করেন তিনি।

দুই ক্রিকেটারের চোটের রিপোর্ট পাওয়ার পর নির্বাচক কমিটি বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের সঙ্গে আলোচনা করে বিকল্প হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান মার্শাল ও সানির নাম ঘোষণা করেন।

রোববার দল ঘোষণার পর প্রধান নির্বাচক আকরাম খান বলেছিলেন, মার্শালের জায়গা না পাওয়াটা দুর্ভাগ্যজনক।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে মার্শালের। চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ১১ ম্যাচে ৬০৪ ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) ৪ ম্যাচে ৪৬৫ রান করে দুই প্রতিযোগিতারই সেরা রান সংগ্রাহক তিনি। ওয়ালটন সেন্ট্রাল জোনকে শিরোপা জিতিয়ে বিসিএলের সেরা খেলোয়াড়ও তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, “সব ক্রিকেটারের মত আমিও জাতীয় দলে খেলান স্বপ্ন দেখি। নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি আমি বুঝিছি, মেনিও নিয়েছি।” এর ঘন্টা দুয়েকের মধ্যে জাতীয় দলে ডাক পাওয়ার সুসংবাদ পান তিনি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার হিসেবে সাড়ে তিন বছর দলে ফিরেছিলেন এনাম। বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে খেলার সময়ই চোট পেয়েছিলেন। সোমবার অনুশীলনে আবারো চোট পাওয়ায় এক দিনের অনুশীলনেই শেষ হয়ে গেল তার দলে ফেরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে মুশফিক বাহিনী।

দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, জহুরুল ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, ইলিয়াস সানি ও রবিউল ইসলাম।