২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব নেই, নতুন মুখ মমিনুল

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাইরে রেখেই শ্রীলঙ্কার সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া সাকিবের দলে না থাকা অনেকটাই নিশ্চিত ছিল। শিন বোন চোট কাটিয়ে উঠতে সাকিবের অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচারের পর অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি এই অলরাউন্ডারকে।

চোটের কারণে গত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের না খেললেও টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে বেশ সফল ছিলেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ সিরিজে খেলা জুনায়েদ সিদ্দিক, নাজিম উদ্দিন ও ইলিয়াস সানি বাদ পড়েছেন।

তাদের জায়গায় দলে এসেছেন মমিনুল হক, জহুরুল ইসলাম, এনামুল হক জুনিয়র ও রবিউল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি ওয়ানডে খেললেও টেস্ট দলে এই প্রথম এলেন মমিনুল। ২২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩টি শতক ও ৬টি অর্ধশতকসহ ৩২.৮১ গড়ে ১০৮৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

খুলনা টেস্টে তামিম ইকবালের চোটের জন্য টেস্ট দলে ডাকা হলেও মাঠে নামার সুযোগ পান নি বিজয়। ২৬টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে ৭টি শতক ও ৮টি অর্ধশতকসহ ৪৩.৮৪ গড়ে ১৯২৯ রান করেছেন তিনি।

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন বাঁহাতি স্পিনার এনামুল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যর পুরস্কার হিসেবেই দলে ফিরেছেন তিনি।

২০১১ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে শেষবার খেলেন রবিউল। ২০১০ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেন জহুরুল।

দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। গলে ৮ মার্চ থেকে প্রথম টেস্ট।

দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, নাসির হোসেন, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, জহুরুল ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, এনামুল হক জুনিয়র ও রবিউল ইসলাম।