ধারাবাহিকতা ধরে রাখতে চান জার্গেনসেন
বোলিং কোচ থেকে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া শেন জার্গেনসেন জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখাই তার লক্ষ্য।
শুক্রবার মিরপুরের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে এই সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলের অনুশীলন শেষে জার্গেনসেন বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে আমরা ভালো খেলেছিলাম। ঢাকা টেস্টে সমানে-সমানে লড়াই করেছি। খুলনা টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলাম। এরপর ওয়ানডে সিরিজ জিতেছি। শ্রীলঙ্কায় এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
যদিও শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি চলছে ঢিমেতালে। শুক্রবার মাত্র আট জন ক্রিকেটার অনুশীলনে উপস্থিত ছিলেন।
তবে এ নিয়ে চিন্তিত নন জার্গেনসেন। তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচীর কারণে এখনো সবাইকে অনুশীলনে পাইনি। বিপিএলে খেলার কারণে ক্রিকেটাররা কিছুটা ক্লান্ত। অনুশীলনে সবাইকে পাওয়ার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।”
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালের জন্য ২৬ ফেব্রুয়ারির আগে সব ক্রিকেটারকে অনুশীলনে পাওয়ার কোনো সম্ভাবনা নেই জার্গেনসেনের।
শ্র্রীলঙ্কা সফরের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, “সবার আগে শ্রীলঙ্কার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া প্রয়োজন। ঘরের মাঠে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভালো করতে হলে নিজেদের উজাড় করে দিতে হবে।”
