২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট

বড় দৈর্ঘ্যের বিসিএলের ফাইনাল হবে দিন-রাত মিলিয়ে, খেলা হবে গোলাপী বলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) প্রথম আসরের শিরোপা জিতে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

শুক্রবার থেকে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন-রাতের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। পাঁচ দিনের ম্যাচটি শুরু হবে বেলা একটায়। খেলা হবে গোলাপী বলে। নতুন বল নেয়া যাবে ৭০ ওভার পর।

বাংলাদেশের এর আগে কখনো বড় দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচ দিন-রাত মিলিয়ে হয়নি। গোলাপী বলে খেলাও এই প্রথম।

নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের অনুপস্থিতির কারণে নর্থ জোনের কোচ ওয়াহিদুল গণি বেশ দুশ্চিন্তায়। তিনি বলেন, “লিগ পর্বে মুশফিক দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। তার অভাব আমরা অনুভব করবো।”

কাঁধের চোট ও বড় ভাইয়ের বিয়ের জন্য ফাইনালে খেলা হচ্ছে না বিপিএলে সিলেট রয়্যালসকে নেতৃত্ব দেয়া মুশফিকের। তার জায়গায় জহুরুল ইসলাম দলকে নেতৃত্ব দেবেন জানিয়ে ওয়াহিদুল গনি বলেন, “চোটের কারণে আমরা পেসার শফিউল ইসলামকেও পাচ্ছি না। মুশফিক ও শফিউলের জায়গায় দলে এসেছেন সাব্বির রহমান ও মিজানুর রহমান।” একটি সেশন রাতে হবে। তাই মানিয়ে নিতে তেমন সমস্যা হবে না বলে মনে করেন নর্থ জোনের কোচ। অনুশীলন করে ক্রিকেটাররা এরই মধ্যে গোলাপী বলের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতি কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন সেন্ট্রাল জোনের কোচ মিজানুর রহমান। তিনি বলেন, “পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। আশা করি ফাইনালেও তা অব্যাহত থাকবে। “মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আসিফ আহমেদ রাতুলকে নেয়া হয়েছে। আশা করি নর্থ জোনকে হারিয়ে আমরা ইতিহাসের অংশ হতে পারব,” যোগ করেন সেন্ট্রাল জোনের কোচ।