আফ্রিদির শেষ সুযোগ
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন শহীদ আফ্রিদি। তবে পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানিয়েছেন, এটাই তার জন্য শেষ সুযোগ।
বুধবার লাহোরে দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে কাশিম বলেন, “শহীদ আফ্রিদির মনে রাখা উচিৎ, পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে জ্বলে ওঠার এটাই তার শেষ সুযোগ।”
ওয়ানডের দ্রুততম শতকের মালিক আফ্রিদি অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে দলের বাইরে ছিলেন।
আফ্রিদি ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ, সাবেক অধিনায়ক শোয়েব মালিক, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল ও তার ভাই উমরকে রেখেছেন পাকিস্তানের নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকা সফরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে এরই মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে যাওয়া পাকিস্তান দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে।
টি-টোয়েন্টি দুটি হবে ১ ও ৩ মার্চ। ১০, ১৫, ১৭, ২১ ও ২৪ মার্চ ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচ।
ওয়ানডে দল: মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, আসাদ শফিক, ইউনুস খান, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, উমর গুল, ইমরান ফারহাত ও আব্দুর রেহমান।
টি-টোয়েন্টি দল: মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, উমর গুল, আহমেদ শেহজাদ, উমর আমিন, জুলফিকার বাবর, আসাদ আলী ও জুনায়েদ খান।
