২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালাম-গাপটিলের দৃঢ়তায় নিউজিল্যান্ডের জয়

অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও আহত হয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়ে ফিরে আসা মার্টিন গাপটিলের দৃঢ়তাভরা দুটো ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের জয় এনে দিয়েছে নিউজিল্যান্ডকে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Feb 2013, 09:14 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

হ্যামিল্টনের সেডন পার্কে ম্যাককালামের অপরাজিত ৬৯ ও ব্যক্তিগত ৩ রানে পায়ের পেশিতে টান পড়ে বেরিয়ে যাওয়া গাপটিলের অপরাজিত ২৭ রান ৭ বল হাতে রেখেই ২৫৯ রানের লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।

শেষ পর্যন্ত জয়ের নায়ক হলেও ম্যাককালামের একটি ভুল নিউজিল্যান্ডকে বিপদে ফেলে দিয়েছিল। ৩৪তম ওভারে ১৪২/৩-এ দাঁড়িয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল স্বাগতিক দল। কিন্তু ঐ ওভারের শেষ বলে ম্যাককালামের ভুল ডাকে সাড়া দিয়ে রান আউট হয়ে যান কেন উইলিয়ামসন।

শুরু থেকে আস্থার সঙ্গে খেলা উইলিয়ামসন ৭৪ রান করে বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। পাল্লা দিয়ে বাড়তে থাকে আস্কিং রান রেটও।

২১৮ রানে সপ্তম উইকেট পড়ার পর আবার মাঠে ফিরে অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন গাপটিল। তখন ২৫ বলে প্রয়োজন ৪১ রান। তবে ম্যাককালাম-গাপটিলের আক্রমণ ব্যাটিংয়ে জয় নিয়ে সমস্যায় পড়তে হয়নি।

ম্যাককালামের ৬১ বলের ইনিংস সাজানো ৪টি চার ও ৩টি ছক্কায়। গাপটিলের ২৭ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইয়ান বেল (৬৪), জোনাথন ট্রট (৬৮) ও জো রুটের (৫৬) তিনটি অর্ধ-শতক ৩৯তম ওভারে ৩ উইকেটে ১৮৪ রানে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল।

কিন্তু অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। ৩৮ রানে শেষ ৬ ‍উইকেট হারিয়ে ২৫৮ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।

৫৬ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষতি করেন মিচেল ম্যাকক্লেনাগান। তবে পায়ের পেশিতে টান পড়ায় এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে মাঠের বাইরে থাকতে হবে গাপটিলকেও।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৫৮ (কুক ৪, বেল ৬৪, ট্রট ৬৮, রুট ৫৬, মর্গান ১, বাটলার ২১, ওকস ১৭, ব্রড ১, সোয়ান ১৬, ফিন ০, অ্যান্ডারসন ০*; ম্যাকক্লেনাগান ৪/৫৬, ফ্র্যাঙ্কলিন ৩/৩৮, মিলস ২/৩২, এলিস ১/৬৭)

নিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ২৫৯/৭ (ওয়াটলিং ২, গাপটিল ২৭*, উইলিয়ামসন ৭৪, টেইলর ২২, ইলিয়ট ২২, ব্রেন্ডন ম্যাককালাম ৬৯*, ফ্র্যাঙ্কলিন ৩, নাথান ম্যাককালাম ১৪, এলিস ১৩; ওকস ২/৫২, অ্যান্ডারসন ১/৩৬, ফিন ১/৫৪, সোয়ান ১/৫৪, ব্রড ১/৫৬)