২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া শতকে পাকিস্তানের দিন

ইউনুস খান ও আসাদ শফিকের শতকের সুবাদে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুর বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার প্রথম দিন শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৩ রান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Feb 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

নিউল্যান্ডসে টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। সফরকারীদের সামনে তখন জোহানেসবার্গে আগের ম্যাচে নিজেদের সর্বনিম্ন টেস্ট সংগ্রহ ৪৯ রানে অলআউটের লজ্জার পুনরাবৃত্তির আশঙ্কা।

কিন্তু এরপরই তরুণ শফিককে নিয়ে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ ইউনুস। দুজনে মিলে গড়ে তোলেন ২১৯ রানের দারুণ এক জুটি।

তৃতীয় টেস্ট শতকের দেখা পাওয়া শফিক দিন শেষে ১১১ রানে অপরাজিত। ২২৯ বলে ১৪টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি অবশ্য পুরোপুরি ‘নিষ্কলঙ্ক’ নয়। বাঁহাতি স্পিনার রবিন পিটারসেনের বলে ব্যক্তিগত ২৪ রানে শর্ট লেগে ক্যাচ দিলেও ডিন এলগারের ব্যর্থতায় বেঁচে যান শফিক।

ঐ পিটারসেনকেই তিনটি বিশাল ছক্কা মারেন ২১তম শতক করা ইউনুস। ২২৬ বলে খেলা ১১১ রানের ইনিংসটিতে চারের সংখ্যা ৭টি।

ইউনুস-শফিকের দৃঢ়তায় হাসিমুখে দিন শেষ করার দিকে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে ভার্নন ফিল্যান্ডারের বলে কট বিহাইন্ড হয়ে যান ইউনুস।

এই উইকেটটাই শুক্রবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে প্রথম টেস্ট ২১১ রানে জিতে নেয়া স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ২৫৩/৫ (হাফিজ ১৭, জামশেদ ৩, আজহার ৪, ইউনুস ১১১, মিসবাহ ০, শফিক ১১১*, সরফরাজ ০*; মরকেল ২/৩৭, ফিল্যান্ডার ২/৪৫, স্টেইন ১/৩৪)