নিয়মরক্ষার ম্যাচে ঢাকার জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম কিংসকে ২৯ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। দুই দলের প্রথম দেখায় ৫৪ রানে হেরেছিল ঢাকা।
এই জয়ে ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ঢাকা। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা সিলেটের সঙ্গে শুক্রবার ‘রেইস টু দ্য ফাইনাল’ এ খেলবে তারা। জয়ী দল ফাইনালে যাবে, হেরে যাওয়া দল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে।
১২ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা চট্টগ্রাম সেমিফাইনালে খেলবে দুরন্ত রাজশাহীর সঙ্গে। জয়ী খেলবে দ্বিতীয় সেমিফাইনালে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান করে ঢাকা। জবাবে ৯ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় চট্টগ্রামের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রান করে জেসন রয় বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে মার্শাল আইয়ুবের (২৬ বলে ৩২) সঙ্গে নুরুল হাসানের (৩০ বলে ৪৩) ৭২ রানের জুটি চট্টগ্রামকে ১ উইকেটে ৯২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
বারোতম ওভারের প্রথম বলে মার্শালের বিদায়ের পর চট্টগ্রামের ছন্দপতন ঘটে। এর আরিফুল (১৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে না পারায় বড় ব্যবধানেই হারে চট্টগ্রাম।
ঢাকার পক্ষে তিলকারত্নে দিলশান, মোশাররফ হোসেন, সাকিব আল হাসান ও আলফানসো টমাস দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ১৩ রানে জশুয়া কবের বিদায়ে ঢাকার শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের (২৩) সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ৮১ রানে সাজঘরে ফেরার আগে ৪৯ রান করা দিলশান ঢাকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। তার ৩৮ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা।
সেখান থেকে ঢাকা দেড়শ পেরুয় সাকিবের সৌজন্যে। চতুর্থ উইকেটে ড্যারেন স্টিভেন্সের (২১) সঙ্গে ৭৫ রানের ভালো একটি জুটি দলকে উপহার দেয়া সাকিব অপরাজিত থাকেন ৫৯ রানে। তার ২৯ বলের ইনিংসে ৯টি চার।
