এবারের মতো তামিমের বিপিএল শেষ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। যার অর্থ, দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর খেলতে পারবেন না দুরন্ত রাজশাহী ও জাতীয় দলের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান।
বুধবার তামিমের হাতের এমআরআই রিপোর্ট পাওয়ার পর ডা. দেবাশীষ বলেন, “তামিমের কব্জির হাড়ে সুক্ষ্ম চিড় ধরা পড়েছে। তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। যদিও তার ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজ সমস্যা নিয়ে আমরা সন্দিহান।”
এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে জাতীয় দল। এই সফরে তামিমের যাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক।
তিনি বলেন, “এবারের বিপিএলে আর খেলতে পারবেন না তামিম। আর শ্রীলঙ্কার বিপক্ষেও সামান্য ব্যথা নিয়েই খেলতে হবে তাকে। তবে তাতে তার সমস্যা হওয়ার কথা নয়।”
গত ৫ ফেব্রুয়ারি সিলেট রয়্যালসের বিপক্ষে ফিল্ডিং করার সময় বল লেগে বাঁ কব্জিতে চোট পান তামিম। এরপর থেকেই তিনি মাঠের বাইরে।
ডা. দেবাশীষ জানান, “ঐ ম্যাচের পর দুবার এক্সরে করানো হলেও কোনো সমস্যা ধরে পড়েনি। তবে চার দিন পরও ব্যথা না কমায় এমআরআই করানোর সিদ্ধান্ত নেয়া হয়।”
