বিপিএলে জুয়ারি আটক
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের খেলা চলার সময় সন্দেহভাজন ভারতীয় জুয়ারিকে আটক করা হলেও পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বাহিনী।
আন্তর্জাতিক গ্যালারিতে বসে খেলা দেখা দুর্গা প্রসাদের আচরণ দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিসিবির নিরাপত্তা বিষয়ক পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মেজবাহ উদ্দিন সেরনিয়াবাতের কক্ষে নেয়া হয়।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে স্বীকার করেছে, গত ৪ ফেব্রুয়ারি থেকে এখানে জুয়া খেলছে। সে এই স্টেডিয়ামে আর কখনো না ঢোকার প্রতিজ্ঞা করেছে। শুধু তাই নয়, আর কখনো বাংলাদেশে না আসার মুচলেকাও দিয়েছে সে। তার বাবার নাম রামাইয়া। বাড়ি অন্ধ্র প্রদেশের করুকেলি কালিন্দিনী।”
বেট ফেয়ারে কিরোনকোন নামে একটি অ্যাকাউন্ট থাকার প্রমাণ দুর্গার মোবাইল ফোনে পাওয়া যাওয়ার কথাও জানান বিসিবির নিরাপত্তা বিষয়ক পরিচালক।
