নির্ভার, আশাবাদী আশরাফুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে শতক পেয়ে নির্ভার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। মার্চের শুরুতে শ্রীলঙ্কা সফর দিয়ে জাতীয় দলে ফিরতেও তিনি আশাবাদী।
সোমবার মাত্র ৫৮ বলে অপরাজিত ১০৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৬ উইকেটের জয় এনে দেয়ার পর সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, “এনসিএলে (জাতীয় ক্রিকেট লিগ) খেলার সময় মনে হয়েছিল আমি ব্যাটিং করতেই পারি না। তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। পরে রিয়াদ (মাহমুদুল্লাহ) বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগে) খেলতে বললো। বগুড়ায় রান (১৩৩) পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে পাই।”
“আশা করি শ্রীলঙ্কা সফরে ডাক পাবো। শ্রীলঙ্কার বিপক্ষে আমার পারফরম্যান্স সবচেয়ে ভালো। সুযোগ পেলে ভালো খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী,” যোগ করেন শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে কম বয়সে টেস্ট শতকের রেকর্ড গড়া আশরাফুল।
টপ অর্ডারে ব্যাট করলে শতকের সম্ভাবনা বেশি থাকে জানিয়ে ম্যাচ সেরা আশরাফুল বলেন, “১০ ওভারের সময় আমার রান ছিল ৫৬। তখন মনে হচ্ছিল শেষ পর্যন্ত থাকতে পারলে শতক হয়ে যেতে পারে। ব্যাটিংয়ে নামার পর থেকেই ম্যাচ শেষ করে আসার ইচ্ছা ছিল।”
“বল করার সময়ই বুঝতে পেরেছি এটা ব্যাটিং সহায়ক উইকেট। খুলনা ভালো ব্যাট করলেও তারা ২০ রানের মতো কম করেছে। টুর্নামেন্টের শেষ দিকে এসে বড় রান তাড়া করে জেতার ইচ্ছা ছিল। আজ তা পূরণ হয়েছে,” যোগ করেন তিনি।
ঘরোয়া টি-টোয়েন্টিতে সোনারগাঁওয়ের হয়ে মোহামেডানের বিপক্ষে শতক করেছিলেন আশরাফুল। বিপিএলে প্রথম শতক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “টি-টোয়েন্টিতে শতকের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। এখানে কখনোই শতকের চিন্তা নিয়ে ব্যাটিং করা যায় না।”
“আজ তিলকরত্নে দিলশান, ড্যারেন স্টিভেন্সরা অনেক সাহায্য করেছে। তারা সারাক্ষণ সোজা ব্যাটে খেলার পরামর্শ দিয়ে গেছে। অবশ্য ভাগ্যও আমার পক্ষে ছিল। বড় রান করতে হলে ভাগ্যেরও একটু সহায়তা লাগে,” যোগ করেন আশরাফুল।
