২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দল থেকে গম্ভীর বাদ

ভারতের অনেক জয়ের নায়ক হলেও ইদানীং গৌতম গম্ভীরের ব্যাটে রান খরা। ধারাবাহিক ব্যর্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট থেকে তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

জাতীয় দল ও দিল্লির উদ্বোধনী জুটিতে গম্ভীরের সঙ্গী বীরেন্দর শেবাগকে অবশ্য রাখা হয়েছে এই দলে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে ফিরেছেন অফস্পিনার হরভজন সিংও।

এছাড়া টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৮টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা পেসার ভুবনেশ্বর কুমার এবং পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

টেস্ট ক্রিকেটে গম্ভীরের ৯টি শতকের সর্বশেষটি এসেছিল তিন বছর আগে, ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে। টেস্টে ক্যারিয়ার গড় ৪৪.১৮ হলেও সর্বশেষ ২৬ টেস্টে তার গড় ৩০.২।

২২ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ২, ১৪ ও ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া বাকি তিন টেস্টের ভেন্যু যথাক্রমে হায়দরাবাদ, মোহালি ও দিল্লি।

ভারতের প্রথম দুই টেস্টের দল: মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক), বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইশান্ত শর্মা, ভূবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও অশোক দিন্দা।