এক বছরের জন্য প্রধান কোচ জার্গেনসেন
পেস বোলিং কোচ শেন জার্গেনসেনকে এক বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “ক্রিকেট পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন শেন জার্গেনসেন। তিনি ছাড়া আরো কয়েক জন এই পদের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে জার্গেনসেনকেই আমাদের সবচেয়ে যোগ্য বলে মনে হয়েছে।”
গত বছরের মার্চে এশিয়া কাপের আগে রিচার্ড পাইবাস বিদায় নিলে বাংলাদেশ দলের দায়িত্ব পান জার্গেনসেন। তখন থেকে তিনি ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করে আসছিলেন।
জালাল ইউনুস আরো বলেন, “মার্চের শুরুতে শ্রীলঙ্কা সফরের আগেই ব্যাটিং ও ফিল্ডিং কোচ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া বিসিবি অ্যাকাডেমির ট্রেইনার স্টুয়ার্ট কার্পিনকে জাতীয় দলের ট্রেইনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।”
“সহকারী কোচের জন্য শিগগিরই বিজ্ঞাপন দেয়া হবে। বাংলাদেশের কয়েক জন কোচ এই পদে কাজ করতে আগ্রহী। শ্রীলঙ্কা সফরের আগেই সহকারী কোচের নিয়োগ দেয়া হতে পারে,” যোগ করেন তিনি।
বিসিবির এই উর্দ্ধতন কর্মকর্তা আরো বলেন, “স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাকের সঙ্গে আমরা আলোচনা করছি। তিনি বছরে ১০০ দিন আমাদের সঙ্গে কাজ করতে চান।”
জালাল ইউনুস জানিয়েছেন, শনিবারের সভায় প্রধান নির্বাচক আকরাম খান ও অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জাতীয় দলের কয়েক জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, জিয়াউর রহমান ও মাশরাফি বিন মুর্তজা বেশ কিছু দিন ধরে চোটে ভুগছেন। এ ব্যাপারে জাতীয় দলের ফিজিও বিভব সিংকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে প্রয়োজনে তাদের বিশ্রাম দেয়ার জন্য বলা হয়েছে।”
“ফিজিও আমাদের জানিয়েছেন, অনেকেই চোটকে তেমন গুরুত্ব দেয় না। পুর্নবাসন প্রক্রিয়াও মানে না। তাই তাদের সামান্য চোটও দলকে সমস্যায় ফেলে,” যোগ করেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি।
