২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, সিলেটের শেষ চার নিশ্চিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের দ্বিতীয় খেলায় বরিশাল বার্নার্সকে খুব সহজেই ৮ উইকেটে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

নয় খেলায় সপ্তম এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে সিলেট রয়্যালসকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছে ঢাকা। সমান খেলায় বরিশালের পয়েন্ট ৬।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৪ রান করে বরিশাল বার্নার্স। জবাবে ১২ ওভার ৪ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই মোহাম্মদ আশরাফুল বিদায় নিলেও তিলকারত্নে দিলশানের সঙ্গে সাকিব আল হাসানের ৯২ রানের জুটি ঢাকাকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।

দলকে জয়ের খুব কাছে নিয়ে সাজঘরে ফেরার আগে ৫৪ রান করেন সাকিব। তার ৩১ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা। উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৪৯ রানে অপরাজিত থাকা দিলশানের ৩৯ বলের ইনিংসে ৭টি চার।

এর আগে ব্যাট করতে নেমে বরিশালের শুরুটা মোটও ভালো হয় নি। দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে ফিল মাস্টার্ডকে সাজঘরে ফেরত পাঠিয়ে বরিশালকে বড় একটা ধাক্কা দেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বিতীয় উইকেটে অধিনাক ব্র্যাড হজ (১২) ও সাব্বির রহমানের (১৮) ৩১ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার দেয়ার চেষ্টা করে। ৩১ রানে দুজনই সাজঘরে ফিরে গেলে অলক কাপালী (১০) ও ফারভিজ মাহরুফকে (১৫) নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন আজহার মেহমুদ।

দলীয় ৮৫ রানে সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৩০ রান করেন আজহার। তার বিদায়ের পর বেশি দূর এগোয়নি বরিশালের ইনিংস।

ঢাকার পক্ষে সাকিব আল হাসান, ক্রিস লিডল, আলফানসো টমাস ও মাশরাফি দুটি করে উইকেট নেন।