‘ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ছিল’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভার্নিং কাউন্সিলের প্রতিশ্রুতিই তাদের মাঠে ফিরিয়েছে বলে জানিয়েছেন দুরন্ত রাজশাহীর অধিনায়ক চামারা কাপুগেদারা।
খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে গেলেও কোনো টাকা না পাওয়ায় রাজশাহীর সাত বিদেশি ক্রিকেটারের সম্মিলিত সিদ্ধান্তেই খুলনার বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলাম।”
“দলের মালিক ও গভার্নিং কাউন্সিলের সভাপতির সঙ্গে আলোচনার পর খেলা শুরুর মিনিট বিশেক আগে আমরা সোমবারের মধ্যে প্রথম কিস্তির টাকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছি। আশা করছি প্রতিশ্রুত সময়ের মধ্যেই টাকা পাবো না পেলে আবারো একই রকম পরিস্থিতি হতে পারে,” যোগ করেন তিনি।
ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে সরাসরি টাকা নেয়ার কোনো ইচ্ছে নেই জানিয়ে কাপুগেদারা বলেন, “বিসিবির নিশ্চয়তা পেয়েই আমরা এসেছি। নিয়ম অনুযায়ী বিসিবির মাধ্যমেই টাকা নিতে চাই। বাংলাদেশ ব্যাঙ্কের অনুমতির বিষয়টি আমরা বুঝতে পেরেছি। সমস্যার সমাধান হয়ে গেছে।”
“স্থানীয়দের কোনো সমস্যা নেই। আমরা যখন আলোচনা করছিলাম তখন তামিম (ইকবাল) টস করেন। ক্রিকেটর ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে আর কখনো পড়তে হয় নি,” হারের সঙ্গে টস পূর্ববর্তী ঘটনার কোনো সম্পর্ক নেই জানিয়ে যোগ করেন কাপুগেদারা।
আগের ম্যাচের হারের পর স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো শাহরিয়ার নাফীস বলেন, “শেষটা আমরা ভালো করতে চাই। এখনো দুটি ম্যাচ রয়েছে। জয় দিয়ে শেষ করতে পারলে ক্রিকেটার ও দলের মালিক সবাই আত্মবিশ্বাসী থাকবে।”
