২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড জয়ে তিনে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের দ্বিতীয় খেলায় সিলেট রয়্যালসকে ১১৯ রানে হারিয়েছে চট্টগ্রাম কিংস। টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

গত ‍বৃহস্পতিবার খুলনা রয়েল বেঙ্গলসকে ৮৯ রানে হারায় চট্টগ্রাম। নয় ম্যাচে পঞ্চম এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে দুরন্ত রাজশাহীকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছেন চট্টগ্রাম। এই হারের পরও দশ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই সিলেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান করে চট্টগ্রাম। জবাবে ১৩ ওভার ৫ বলে ৭৪ রানেই অলআউট হয়ে যায় সিলেট। দুই দলের প্রথম খেলায় ৩ উইকেটে জেতে সিলেট।

এটি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বনিম্ন রান। বৃহস্পতিবার চট্টগ্রামের বিপক্ষে ৬৭ রানে অলআউট হয় খুলনা।

লক্ষ্য তাড়া করতে নেমে শন টেইট, রুবেল হোসেন ও এনামুল হক জুনিয়রের মারাত্মক বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট।

নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম, শিবনারায়ণ চন্দরপল ও ডার্ক ন্যানেসের অনুপস্থিতিতে শক্তি হারানো সিলেট কোনো পর‌্যায়েই প্রতিরোধ গড়তে পারে নি।

সর্বোচ্চ ৩৫ রান মোহাম্মদ নবীর। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ১৩ ও সোহাগ গাজী অপরাজিত ১০ রান করেন।

এনামুল (৩/১৪), রুবেল (৩/১৪) ও টেইট (৩/১৬) তিনটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে নাঈম ইসলামের সঙ্গে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ১১৮ রানের উদ্বোধনী জুটি চট্টগ্রামকে ভালো সূচনা এনে দেয়। তৃতীয় অর্ধশতকে পৌঁছানোর নাঈম সাজঘরের পথ ধরলে ভাঙ্গে ১৩ ওভার ৩ বল স্থায়ী জুটি।

নাঈমের ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা। দুই বল পর রানের খাতা খোলার আগেই ডেভিড মিলার বিদায় নিলেও চট্টগ্রামের ইনিংসে তার কোনো প্রভাব পড়ে নি।

ষোলতম ওভারের প্রথম বলে বিদায় নেয়ার আগে অর্ধশতকে পৌঁছান টেইলর (৫৮)। মোহাম্মদ নবীর তৃতীয় শিকারে পরিণত হওয়া টেইলরের ৪৪ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা।

চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের (১৩ বলে অপরাজিত ২৪) সঙ্গে রায়ান টেন ডোসকাটের (১৮ বলে ৩৭) ৫৬ রানের জুটির সৌজন্যে দুশ রানের কাছাকাছি যায় চট্টগ্রাম।

২৭ রানে ৩ উইকেট নিয়ে নবীই সিলেটের সেরা বোলার।