২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে নিয়ে দুশ্চিন্তা নেই

বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর। সাকিব আল হাসানের জঙ্ঘাস্থির চোট গুরুতর নয়।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

গত নভেম্বরে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার সময় জঙ্ঘাস্থিতে চোট পান সাকিব। সে সময় এমআরআই স্ক্যানে চিড় ধরা পড়ায় তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়।

বৃহস্পতিবার বোন স্ক্যান রিপোর্ট দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের চোট নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। বোন স্ট্রেসের প্রভাব নির্ণয়ের জন্য বোন স্ক্যান করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী কম্পার্টমেন্টাল সিনড্রমে ভুগছেন সাকিব।”

“আমরা আজ (বৃহস্পতিবার) থেকেই তার চিকিৎসা শুরু করেছি। তাকে ফেনোথেরাপি দেয়া হচ্ছে। কাল (শুক্রবার) এ ব্যাপারে বোর্ডকে জানানো হবে। এরপর বোর্ডই তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে,” যোগ করেন ডা. দেবাশীষ চৌধুরী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর থেকে মাঠের বাইরে ছিলেন সাকিব। এবারের বিপিএলেও নিয়মিত খেলতে পারছেন না তিনি।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এই সফরে সাকিবের যাওয়া নিয়ে সংশয় আছে।