২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া জয়ে শীর্ষে ফিরল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট রয়্যালস। বিপিএলের সর্বোচ্চ রান তাড়া করে জিতে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

প্রথম আসরে বরিশাল বার্নার্সের বিপক্ষে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে দুরন্ত রাজশাহী।

নয় খেলায় সপ্তম এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সিলেটের শীর্ষ চারে থাকা প্রায় নিশ্চিত। অন্য দিকে সমান খেলায় ষষ্ঠ হারে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা রংপুরের সেরা চারে থাকার স্বপ্ন বড় একটা হোঁচট খেয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৭ রান করে রংপুর। জবাবে ১৯ ওভারে ৪ উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। দুই দলের প্রথম দেখায় ৫ উইকেটে জেতে তারা।

লক্ষ্য তাড়া করতে নেমে পল স্টারলিংয়ের (১২ বলে ২০) সঙ্গে শিবনারায়ণ চন্দরপলের ৪৮ রানের উদ্বোধনী জুটি সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেয়।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৪৫ রানের আরেকটি চমৎকার জুটি দলকে উপহার দেন চন্দরপল। চলতি আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই অর্ধশতকের দেখা পাওয়া চন্দরপল ফেরেন ৫১ রান করে। তার ২৯ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।

এরপর নাজমুল দ্রুত বিদায় নিলেও মমিনুল হকের সঙ্গে মুশফিকের ৪৬ রানের আরেকটি ভালো জুটি সিলেটকে লড়াইয়ে রাখে। দলীয় ১৫৯ রানে মুশফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সিলেটকে বড় একটা ধাক্কা দেন রংপুরের অধিনায়ক আব্দুর রাজ্জাক। মুশফিকের ৩১ বলে খেলা ৫৬ রানের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা।

মুশফিকের বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন মমিনুল (২০ বলে অপরাজিত ২৩) ও এল্টন চিগুম্বুরা। এক ওভার অব্যবহৃত রেখেই পাওয়া জয়ে চিগুম্বুরার বড় অবদান। ১৩ বলে ৩টি ছক্কার সাহায্যে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জুনায়েদ সিদ্দিকের (৬) বিদায়ে রংপুরের শুরুটা ভালো হয়নি। ১৪ ওভার ২ বল স্থায়ী দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে শামসুর রহমানের ১৪৫ রানের জুটি রংপুরকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

দুবার জীবন পাওয়া ইমরুল ষোলতম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরার আগে করেন ৫৩ রান। তার ৪৬ বলের ইনিংসে ৫টি চার।

রংপুরকে দুশর কাছাকাছি নিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব পঞ্চম অর্ধশতকে পৌঁছানো শামসুরের।

পনেরতম ওভারেই ৯০ রানে পৌঁছান শামসুর। নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করা কেভিন ও’ব্রায়েনের কারণে শেষ পাঁচ ওভারে সেভাবে স্ট্রাইক পান নি তিনি।

নাজমুল হোসেনের করা শেষ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পাওয়া কেভিন পঞ্চম বলে আউট হওয়ার আগে ১৪ বলে ৩টি ছক্কা ও ‍দুটি চারের সাহায্যে করেন ৩০ রান।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শামসুর অপরাজিত থাকেন ৯৮ রানে। তার ৫০ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৪টি চার সমৃদ্ধ।