খুলনার ৬৭ রানের লজ্জা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের প্রথম ম্যাচে টুর্নামেন্টের সর্বনিম্ন ৬৭ রানে অলআউটের লজ্জা দিয়ে খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৮৯ রানে হারিয়েছে চট্টগ্রাম কিংস। প্রতিযোগিতায় এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়।
টুর্নামেন্টে এর আগে সর্বনিম্ন রান ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। চলতি আসরে চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে ৮৮ রান করে তারা। সবচেয়ে বড় ব্যবধানে জয়ও ছিল ঢাকার অধিকারে। গত মঙ্গলবার রংপুর রাইডার্সকে ৮৮ রানে হারিয়েছিল তারা।
দুই দলের প্রথম দেখায় ৮ উইকেটে জেতে চট্টগ্রাম।
আট খেলায় চতুর্থ এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চট্টগ্রাম। নয় খেলায় সপ্তম হারে শেষ চারে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ গেল খুলনার। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে প্রথম আসরের সেমিফাইনালিস্টরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৬ রান করে চট্টগ্রাম। জবাবে ১৪ ওভার ২ বলে ৬৭ রানেই অলআউট হয়ে যায় খুলনা।
লক্ষ্য তাড়া করতে নেমে কেভন কুপার ও এনামুল হক জুনিয়রের মারাত্মক বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেন নি খুলনার ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ২১ রানের জুটি গড়ে উঠে অধিনায়ক শাহরিয়ার নাফীস ও জিহান মুবারকের মধ্যে। এছাড়া আর কোনো জুটি বিশের কোটায় পৌঁছাতে পারে নি।
সর্বোচ্চ ১৫ রান আসে নাফীসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান ফরহাদ রেজার। এ দু’জন ছাড়া খুলনার আর কেউ দুই অঙ্কের কোটায় যেতে পারেন নি।
১০ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার কুপার। এনামুল ৩ উইকেট নেন ১৪ রানে। ১৭ রানের খরচায় দুই উইকেট নেন জ্যাকব ওরাম।
এর আগে ব্যাট করতে নেমে ১০ রানেই প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরলে ভীষণ চাপে পড়ে যায় চট্টগ্রাম। অধিনায়ক ব্রেন্ডন টেইলর ৯ রান করলেও নাঈম ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ রানের খাতাই খোলতে পারেন নি।
সেখান থেকে দলকে দেড়শ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব রায়ান টেন ডোসকাটের। ৬১ বলে ৪টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৯৫ রানে অপরাজিত থাকেন টেন ডোসকাটে।
এ রান করার পথে চতুর্থ উইকেটে ডেভিড মিলারের (২২) সঙ্গে ৬১, ওরামের (৪) সঙ্গে ৪৯ ও কুপারের (৫ বলে অপরাজিত ১৫) ৩৬ রানের তিনটি চমৎকার জুটি দলকে উপহার দেন তিনি।
খুলনার পক্ষে কৃষমার সান্তোকি ও শাপুর জাদরান দুটি করে উইকেট নেন।
ম্যাচ শেষে বিমর্ষ নাফীস বলেন, “আমাদের পারফরম্যান্স মোটেও ভালো হয় নি। আমি ভীষণ হতাশ। আমরা মোটেও ভালো ব্যাটিং করতে পারি নি। তিন ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া মোটেও ভালো কিছু নয়।”
৪১ বলে অর্ধশতকে পৌঁছানো ম্যাচ সেরা টেন ডোসকাটে শুরুতে ছিলেন ভীষণ সতর্ক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠা এই ব্যাটসম্যান বলেন, “উইকেট ভালোই ছিল। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় দশ ওভার পর্যন্ত খেলতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমাদের স্কোর দেড়শ পেরিয়েছে এই মাঠে যা খুব ভালো স্কোর।”
