ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই
প্রথম দুটি ওয়ানডেতে হেরে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এখন হারের দ্বারপ্রান্তে। সিরিজ বাঁচিয়ে রাখতে বুধবার ক্যানবেরায় তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে অতিথিদের।
প্রথম ওয়ানডেতে ৭০ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়ে ৯ উইকেটে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করার চেষ্টা করেছিল। যদিও ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৫৪ রানে হার মানতে হয় ক্যারিবীয়দের।
খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি সতীর্থদের যথাসাধ্য উদ্দীপ্ত করার চেষ্টা করছেন।
তিনি বলেন, “এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল এবং আমাদের সে কথা মাথায় রেখেই খেলতে হবে। দ্বিতীয় ম্যাচে বোলাররা আমাদের ভালো সূচনা এনে দিয়েছিল। কিন্তু আমরা তা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলতে পারিনি। তাই প্রতিটি বিভাগেই আমাদের অনেক উন্নতি করতে হবে এবং জিততেও হবে।”
অতিথিদের ঠিক বিপরীত অবস্থা স্বাগতিক দলের। টানা দুটো সহজ জয়ে অস্ট্রেলিয়া দারুণ উজ্জীবিত।
দুই ম্যাচেই পাঁচটি করে উইকেট নেয়া বাঁহাতি পেসার মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ওয়ানডেতে শতক করা জর্জ বেইলির নৈপু্ণ্যে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে তারা।
মাইকেল ক্লার্কের দলের জন্য আরেকটি অনুপ্রেরণাদায়ী তথ্য, বুধবার ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরতে পারেন এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন।
