টেস্ট র্যাঙ্কিংয়েও আমলা শীর্ষে
ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন আগে থেকেই। এখন টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়েও সবার ওপরে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। তবু নিজেকে এই সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে মানতে রাজি নন তিনি।
পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৪ রান এই সম্মান এনে দিয়েছে আমলাকে। তার রেটিং পয়েন্ট ৮৯৫।
সর্বশেষ ২০০৭ সালে টেস্ট-ওয়ানডে দুটোরই ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক সঙ্গে এক নম্বর হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার সবেক অধিনায়ক রিকি পন্টিং।
নিজের অর্জন প্রসঙ্গে বিনয়ী আমলা বলেন, “গত বছর আমাদের দলের খুবই ভালো কেটেছে। তবে শীর্ষে উঠলেও এখনো আমি নিজেকে সেরা ব্যাটসম্যান বলে মনে করি না।”
“আমাদের জন্য সবচেয়ে খুশির কথা হল আমাদের দলের সবাই ভালো খেলছে। কয়েক বছর ধরে আমাদের সাফল্যের এটাই প্রধান কারণ,” যোগ করেন তিনি।
আমলার কীর্তির কারণে টেস্টের তিনটি র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন তিন দক্ষিণ আফ্রিকান। বোলিংয়ে ডেল স্টেইন এবং অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জ্যাক ক্যালিস ধরে রেখেছেন শীর্ষস্থান। দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৯০৮ ও ৪১০।
অলরাউন্ডারদের তালিকায় ক্যালিসের পরে ৩৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন সাকিব আল হাসান। ওয়ানডেতেও দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাকিব, ৪২৬ রেটিং পয়েন্ট নিয়ে। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৪২৮) এই তালিকায় সবার ওপরে।
