রংপুরকে হারিয়ে তিনে রাজশাহী
এ জয়ে আট খেলায় আট পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে গত আসরের সেমিফাইনালিস্ট রাজশাহী। ৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে রংপুর।
জামায়াতে ইসলামির ডাকা মঙ্গলবারের হরতালে খেলা পেছানো হবে না জানিয়ে বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলা পেছানোর কোনো সুযোগ নেই। আগামীকাল (মঙ্গলবার) নির্ধারিত সময়েই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।”
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৩ রান করে রংপুর। জবাবে ১৯ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার ২ বলে চার্লস কভেন্ট্রির সঙ্গে তামিম ইকবালের ৯৫ রানের উদ্বোধনী জুটি রাজশাহীকে টানা দ্বিতীয় জয়ের ভিত গড়ে দেয়। ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে অর্ধশতকে পৌঁছানো তামিম পরের বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে প্রথম সাফল্য পায় রংপুর। বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যানের এটি তৃতীয় অর্ধশতক।
বেশিক্ষণ টেকেন নি কভেন্ট্রি। ঝুঁকিপূর্ণ এক রান নিতে গিয়ে বিদায় হওয়ার আগে ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন তিনি। এরপর দিলশান মুনাবিরা (৮) দ্রুত বিদায় নিলেও রাজশাহীকে জিতিয়েই মাঠ ছাড়েন ছন্দে ফেরা জহুরুল ইসলাম ও শন আরভিন (১১ বলে অপরাজিত ১৪)।
৩৮ রানে অপরাজিত জহুরুলের ১৮ বলের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার।
এর আগে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকের সঙ্গে শামসুর রহমানের ৬০ রানের উদ্বোধনী জুটি রংপুরকে ভালো সূচনা এনে দেয়। চলতি আসরের প্রথমবারের মতো খেলতে নামা জুনায়েদ সপ্তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরার আগে ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ রান করেন।
দ্বিতীয় উইকেটে ছন্দে থাকা নাসির হোসেনের সঙ্গে শামসুরের ৫৫ রানের আরেকটি চমৎকার জুটি টুর্নামেন্টের নতুন দলটিকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ২৯ বলে ৩০ রান করে নাসিরের বিদায় নিলেও দলকে কক্ষপথেই রাখেন শামসুর।
উনিশতম ওভারের দ্বিতীয় বলে রান আউট হওয়ার আগে টুর্নামেন্টে নিজের চতুর্থ অর্ধশতকে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান শামসুর (৬৮)। তার ৫৭ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা।
শামসুরের বিদায়ের পর ক্যামেরন বোর্গাস (১২ বলে অপরাজিত ২২) ও ডানজা হায়াটে (৬ বলে অপরাজিত ১০) দুটি ছোট্ট ইনিংসের সুবাদে দেড়শ পেরুয় রংপুর।
ঢাকায় ফিরেই বিপিএলের পুরনো চেহারা। চট্টগ্রাম ও খুলনায় দর্শকদের বেশ সাড়া থাকলেও বিপিএলের উত্তাপ এখনো ঢাকাবাসীকে স্পর্শ করেনি। স্কুল ড্রেস পড়ে আসা শিক্ষার্থী ছাড়া গ্যালারি প্রায় ফাঁকা।
