লড়ে যাচ্ছে পাকিস্তান
প্রথম টেস্টে ৪৮০ রানের ভীষণ কঠিন লক্ষ্যের পেছনে ছুটে চলা পাকিস্তানের তৃতীয় দিন শেষে সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান।
জিততে হলে অতিথিদের আরো ২৯৭ রান করতে হবে। আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চাই ৬ উইকেট।
তবে শেষ দুই দিনে বৃষ্টির পূর্বাভাস থাকায় জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে যে কোনো ফলই সম্ভব।
শনিবার দ্বিতীয় দিনে টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৯ রানে অলআউটের লজ্জায় পড়া পাকিস্তানকে রোববার স্বস্তি এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক মিসবাহ-উল হক ও আসাদ শফিকের।
চা-বিরতির আগে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে তিন দিনের মধ্যে হারের শঙ্কায় পড়ে যাওয়া দলকে টেনে নিয়ে যাচ্ছেন দুজনে।
পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১০১ রানের জুটি গড়া মিসবাহ ৪৪ রানে অপরাজিত। শফিক ব্যাট করছেন ৫৩ রান নিয়ে। দুজনের দৃঢ়তায় শেষ সেশনে কোনো ক্ষতি হয়নি অতিথিদের।
এর আগে ৩ উইকেটে ২০৭ রান নিয়ে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা মাত্র ৯ ওভারে ৬৮ রান যোগ করে ৩ উইকেটে ২৭৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
পঞ্চদশ টেস্ট শতকের দেখা পাওয়া এবি ডি ভিলিয়ার্স ১০৩ ও হাশিম আমলা ৭৪ রান করে অপরাজিত থাকেন।
নিউ ওয়ান্ডারার্সে চতুর্থ উইকেটে ১৭৬ রানের রেকর্ড জুটিও গড়েন দুজনে।
আগের রেকর্ডটিও ছিল আমলা-ডি ভিলিয়ার্সের, গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৭।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৫৩ (ক্যালিস ৫০, দু প্লেসি ৪১; হাফিজ ৪/১৬) ও ২৭৫/৩ ডিক্লে. (পিটারসেন ২৭, স্মিথ ৫২, আমলা ৭৪*, ক্যালিস ৭, ডি ভিলিয়ার্স ১০৩*; গুল ২/৫৮, আজমল ১/৭৪)
পাকিস্তান: ৪৯ (আজহার ১৩, মিসবাহ ১২; স্টেইন ৬/৮, ক্যালিস ২/১১, ফিল্যান্ডার ২/১৬) ও ১৮৩/৪ (হাফিজ ২, জামশেদ ৪৬, আজহার ১৮, ইউনুস ১৫, মিসবাহ ৪৪*, শফিক ৫৩*; স্টেইন ১/২৬, ক্যালিস ১/২৭, ফিল্যান্ডার ১/৩৯, মরকেল ১/৬৫)
