ফিরলেন রস টেইলর
এ মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। শুক্রবার দুটো সিরিজের জন্যই ঘোষিত দলে রাখা হয়েছে রস টেইলরকে।
গত অক্টোবর-নভেম্বর শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরার পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় টেইলরকে। সেই ক্ষোভে ডিসেম্বর-জানুয়ারির দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নবাগত ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড। এছাড়া প্রায় দুই বছর পর দলে ফিরেছেন ১৫টি টি-টোয়েন্টি খেলা পেসার ইয়ান বাটলার।
৯ ফেব্রুয়ারি অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটো টি-টোয়েন্টি হবে ১২ ও ১৫ ফেব্রুয়ারি, হ্যামিল্টন ও ওয়েলিংটনে।
১৭, ২০ ও ২৩ ফেব্রুয়ারি হবে ওয়ানডে তিনটি। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দুদল।
