চট্টগ্রামের স্বস্তির জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের দ্বিতীয় খেলায় খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৮ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে চট্টগ্রাম কিংস।
৬ খেলায় দ্বিতীয় এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। সাত খেলায় পঞ্চম এই হারে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে গত আসরের সেমিফাইনালিস্ট খুলনা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৬ রান করে খুলনা। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানেই নাঈম ইসলামের (৬) বিদায়ে গ্যালারি উপচানো প্রায় ২৫ হাজার দর্শকের সামনে চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। ব্রেন্ডন টেইলরের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে রবি বোপারা বিদায় নিলে স্বাগতিকরা পরিণত হয় ৪৪/২ এ।
প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার বদলে দলকে নেতৃত্ব দেয়া টেইলর সফল প্রথম ম্যাচেই।
টেইলরের সঙ্গে রায়ান টেন ডোসকাটের ৭০ বলে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত সহজ জয় এনে দেয় চট্টগ্রামকে।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া টেইলর অপরাজিত থাকেন ৬৯ রানে। তার ৪৯ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা। সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
১২ বল হাতে রেখে পাওয়া স্বস্তির জয়ে টেন ডোসকাটের অবদানও কম নয়। ৩৪ বলে তার ৪১ রানের অপরাজিত ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয় নি খুলনার। দুই উদ্বোধনী ব্যাটসম্যান লু ভিনসেন্ট (৯), শাহরিয়ার নাফীস (৯) এবং মিজানুর রহমান (১৭) দেখে শুনে খেলার চেষ্টা করলেও ১০ ওভারে খুলনার স্কোর ছিল ৪৯/৩।
সেখান থেকে ট্র্যাভিস বার্টের (১৭ বলে ২৫) সঙ্গে ৪১ ও ড্যানিয়েল হ্যারিসের (১৭ বলে অপরাজিত ২২) সঙ্গে ৩৩ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে দেড়শর দিকে নিয়ে যান রিকি ওয়েসেলস (৩২ বলে ৩৫)।
২৮ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার এনামুল হক জুনিয়র।
