চট্টগ্রামের বিপক্ষেও অনিশ্চিত সাকিব
উরুর পেশির চোটের কারণে শনিবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঢাকার ম্যানেজার সানোয়ার হোসেন বলেন, “উরুর পেশির চোটের কারণে শুক্রবারের ম্যাচে খেলেন নি সাকিব। শনিবার চট্টগ্রামের বিপক্ষেও অনিশ্চিত তিনি।”
“আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দিনের দ্বিতীয় খেলা বলে শেষ মুহূর্ত (সন্ধ্যা) পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে। দলের শ্রীলঙ্কান ফিজিও সাকিবকে নিয়ে কাজ করছেন,” যোগ করেন তিনি।
২৯ জানুয়ারি সিলেট রয়্যালসের বিপক্ষে খেলা শেষে উরুর পেশিতে সমস্যা অনুভব করছিলেন প্রথম আসরের সেরা খেলোয়াড় সাকিব।
বৃহস্পতিবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুশীলনের সময় উরুর পেশিতে টান লাগলে শুক্রবার দুরন্ত রাজশাহীর বিপক্ষে মাঠে নামতে পারেন নি বাঁহাতি এই অলরাউন্ডার। খুলনায় সাকিবের অলরাউন্ডর পারফরম্যান্সেই রাজশাহীকে ১৩ রানে হারিয়েছিল ঢাকা।
