২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ঢাকার কাছে রাজশাহীর হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের প্রথম খেলায় ১৩ রানে দুরন্ত রাজশাহীকে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এর আগে খুলনায়ও একই ব্যবধানে গত আসরের চ্যাম্পিয়নদের কাছে হেরেছিল রাজশাহী।

অনীক মিশকাত অনীক মিশকাত

. , চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

৬ খেলায় পঞ্চম এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে ঢাকা। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে রাজশাহী।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৭ রান করে ঢাকা। জবাবে ৯ উইকেটে ১২৪ রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বলে ৬টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ তামিম ইকবালে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ৩৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে ঢাকাকে ভালো সূচনা এনে দেয়ার কৃতিত্ব পেসার আলফানসো টমাসের।

এরপর চামারা কাপুগেদারা (৩৫), দিলশান মুনাবীরা (১৫) ও শন আরভিনের (১৫) সৌজন্যে এক সময়ে ১১৪/৫ রানের সুবিধাজনক অবস্থানেই ছিল রাজশাহী।

কিন্তু সতেরতম ওভারে কাপুগেদারা এবং পরের ওভারে অধিনায়ক জহুরুল ইসলামের বিদায়ের পর আরে পেরে উঠে নি গত আসরের সেমিফাইনালিস্টরা।

ঢাকার পক্ষে টমাস, সাকলায়েন সজীব, মোশাররফ হোসেন ও ক্রিস লিডল দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ছন্দে থাকা মোহাম্মদ আশরাফুল (১)। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের (১৮ বলে ২৫) সঙ্গে সৌম্য সরকারের (২৪ বলে ৩০) ৫১ রানের জুটির সৌজন্যে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে ঢাকা।

অষ্টম ওভারে আনামুল এবং পরের ওভারে ফিরে সৌম্যকে সাজঘরে ফিরিয়ে ঢাকাকে বড় একটা ধাক্কা দেন তাইজুল ইসলাম।

এরপর ড্যারেন স্টিভেন্স (১০) দ্রুত বিদায় নিলেও ওয়াইজ শাহ (৪০ বলে অপরাজিত ৪৩) ও জশুয়া কব (১৪) ঢাকাকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন।

রাজশাহীর পক্ষে তাইজুল ও নাঈম ইসলাম জুনিয়র দুটি করে উইকেট নেন।

ম্যাচ শেষে ব্যাটসম্যানদেরই দুষলেন রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম। শেষ ৫ ওভারে ৩৩ রান প্রয়োজন ছিল রাজশাহীর হাতে ছিল ৫ উইকেট। এরপরও না পারার ব্যাখ্যায় বলেন, “উইকেট একটু টার্নিং ছিল, কিন্তু এরপরও ১৩৭ বড় লক্ষ্য ছিল না। জেতা সম্ভব ছিল। আমার মনে হয়, আমরা আগেই বেশি উইকেট হারিয়ে ফেলেছি।”

“আমাদের টেল এন্ডে রাজু (আবুল হাসান) ছাড়া ‘বিগ শট’ খেলার মতো তেমন কোনো ব্যাটসম্যান নেই। তাই শেষ দুই ওভারে ব্যাটসম্যান থাকা প্রয়োজন ছিল। আমি আর কাপুগেদারা মনে হয় আগেই শট খেলে ফেলেছি,” তিনি।

বোলাররা ভালো করলেও জয়ের জন্য উইকেটকেই কৃতত্বি দিলেন ঢাকার এনামুল। তিনি বলেন, “তামিম ভাই যেভাবে শুরু করেছিলেন আমরা ভয়েই পেয়েছিলাম। আমরা তার আউটের অপেক্ষায় ছিলাম। তার বিদায়ের পর মন হল কিছু একটা হতে পারে।”

“উইকেট থেকে বোলাররা সুবিধা পান। নতুন বল ঠিকমতো ব্যাটে এলেও বল পুরনো হয়ে গেলে থেমে আসে। এ কারণে পরের দিকে রান করা কঠিন হয়ে যায়,” যোগ করেন তিনি।