২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা বিশ্বকাপ বৃহস্পতিবার থেকে

বৃহস্পতিবার থেকে ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের দশম আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে দলগুলো। এরপর নকআউট পর্ব শেষে ১৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

‘এ’ গ্রুপের চার দল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, স্বাগতিক ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপে লড়বে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা তিন দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্সের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এবারের মহিলা বিশ্বকাপ ওয়ানডের নতুন নিয়মে হবে।

তবে এ ব্যাপারে বেশ চিন্তিত পাকিস্তানের অধিনায়ক সানা মির্জা। ‍তিনি বলেন, “ফিল্ডিংয়ের সময় পুরো ৫০ ওভার পাঁচ জনকে ৩০ গজ বৃত্তের ভেতরে রাখা এবং দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহারের নতুন নিয়মে আমরা আগে খেলিনি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই এই নিয়মের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।”

পাকিস্তান দলের অবশ্য মাঠের ভেতরের চেয়ে মাঠের বাইরের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখন বেশি দুশ্চিন্তায় থাকার কথা।

গ্রুপ পর্বের সব ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও শিব সেনাসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবাদের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বি’ গ্রুপ অর্থাৎ পাকিস্তানের গ্রুপের ম্যাচগুলো কটকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ভারতের অধিনায়ক মিথিলা রাজ এটা কিছুতেই মানতে পারছেন না। তিনি বলেন, “আমি মনে করি খেলার সঙ্গে রাজনীতিকে জড়ানো উচিৎ নয়।”

বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। খেলা হবে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ব্রেবোর্ন স্টেডিয়ামে।