আন্তর্জাতিক ক্রিকেটে ধর্মশালার অভিষেক
প্রবল তুষারপাতের কারণে ভেস্তে যেতে বসা ভারত-ইংল্যান্ড পঞ্চম ও শেষ ওয়ানডে শেষ পর্যন্ত হতে যাচ্ছে। রোববার এই ম্যাচ দিয়েই ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।
এমনিতে অবশ্য কোনো দলের জন্য ম্যাচটির তেমন গুরুত্ব নেই। ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির ভারত।
তবে প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের সাক্ষী হতে যাওয়া ধর্মশালার মানুষের জন্য ম্যাচটির গুরুত্ব কম নয়। স্বাগতিক দলও তাই ধর্মশালার অভিষেক ম্যাচ জয় দিয়ে রাঙাতে উদগ্রীব।
ইংল্যান্ডের জন্য ম্যাচটি শুধুই মান রক্ষার লড়াই। তবে জিততে পারলে আগামী মাসে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে অ্যালিস্টার কুকের দল।
